
মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) নামিবিয়ার বিরুদ্ধে জয়ের সঙ্গে সঙ্গেই সুপার এইটে অষ্টম দল হিসেবে জায়গা পাকা করে নিয়েছে পাকিস্তান। এবারের টুর্নামেন্টে যে দলগুলো সুপার এইটে খেলতে চলেছে, তারা প্রত্যেকে সরাসরি ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। কো-হোস্ট হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্য়ান্ড এমনিতেই খেলবে টুর্নামেন্টে।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবারের সংস্করণ শেষ হওয়ার পর আগামী ৯ মার্চের মধ্য়ে আইসিসি ক্রমতালিকায় পরবর্তী যে সেরা তিনটি দল তারাও সুযোগ পাবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড এই তিনটি দলও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে। সেক্ষেত্রে ১২ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে।
এদিকে, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্য়াচের জনপ্রিয়তা যে কতটা ছিল, তার ইঙ্গিত মিলেছে টিভি সহ অন্যান্য প্ল্য়াটফর্মে ভিউয়ারশিপ দেখে। টুর্নামেন্টের অফিসিয়াল ডিজিটাল ও ব্রডকাস্ট পার্টনার জিওস্টার ঘোষণা করেছে, JioHotstar-এ ভারত-পাকিস্তান ম্যাচ রিচ ও কনসাম্পশনের দিক থেকে কার্যত ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। সংশ্লিষ্ট ম্যাচের ডিজিটাল রিচ ছিল- ১৬৩ মিলিয়ন। আইসিসি ইভেন্টের টি২০ ফর্ম্যাটে সবথেকে বেশি সংখ্যক মানুষ দেখলেন কোনও ম্যাচ। এমনকী ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২০২৪ বিশ্বকাপ ফাইনাল ম্যাচের ভিউয়ারশিপের চেয়েও যা বেশি।
ভারতের বিরুদ্ধে প্রথমে তো মাঠেই নামতে চায়নি পাকিস্তান। বয়কট করে দেবে তারা, এই নাটক কিছুদিন চলার পর অবশেষে ম্য়াচ খেলার বিষয়ে সম্মতি জানায় পাক ক্রিকেট দল। কিন্তু বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের অশ্বমেধের ঘোড়া ছুটেই চলেছে এখনও। গত ১৫ ফেব্রুয়ারি টি-২০ বিশ্বকাপে কলম্বোয় ৬১ রানে পরাজয় হজম করতে হল সলমন আলি আঘা, বাবর আজমদের। সেই সঙ্গে টি-২০ বিশ্বকাপে মুখোমুখি সাক্ষাতে ৮-১ এগিয়ে গেছে ভারত।
আগামীকাল ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টুর্নামেন্টের সুপার এইটের মহারণ। ভারত সুপার এইটে খেলবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২০২৪ সালে শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। এবার সূর্যকুমারের নেতৃত্বে খেলতে নেমেছে ভারত। এবারও হট ফেভারিট হিসেবেই টুর্নামেন্টে খেলছে টিম ইন্ডিয়া। টুর্নামেন্টের ইতিহাসে কোনও দলই এখনও পর্যন্ত পরপর দুবার ট্রফি জিততে পারেনি, সেই রেকর্ড কি এবার গড়তে পারবে ভারতীয় ক্রিকেট দল? উত্তর সময়ই দেবে..
(Feed Source: abplive.com)
