Bangladesh Minister Shama Wabed: বাবা ছিলেন জিয়া সরকারের মন্ত্রী, মেয়ে এলেন তারেকের মন্ত্রিসভায়, কে এই শামা…

Bangladesh Minister Shama Wabed: বাবা ছিলেন জিয়া সরকারের মন্ত্রী, মেয়ে এলেন তারেকের মন্ত্রিসভায়, কে এই শামা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জিয়া উর রহমানের হাত ধরেই বাংলাদেশের রাজনীতিতে আত্মপ্রকাশ করেছিল বিএনপি। দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন জিয়াউর রহমান। তাঁর মন্ত্রিসভার সদস্য ছিলেন এম কে ওবায়দুর রহমান। আর এবার বাংলাদেশের গদিতে জিয়া উর রহমানের ছেলে তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসবে আজ শপথ নিয়েছেন তারেক। তাঁর মন্ত্রিসভায় স্থান পেলেন, ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ। বর্তমানে তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদকও।

ফরিদপুর-২ আসনে ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন শামা ওবায়েদ। ৩২ হাজার ৩৮৯ ভোটের ব্যবধানে তিনি হারিয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বীকে। আজ তাঁকে শপথবাক্য় পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

শামার বাবা ওবায়দুর রহমান ছিলেন বিএনপির মহাসচিব। ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ফরিদপুর-৭ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। বাংলাদেশ সরকারের ডাক ও তার প্রতিমন্ত্রী ছিলেন ওবায়দুর। শেখ মুজিবুর রহমান হত্যার পর তিনি খোন্দকার মোশতাক আহমেদের সরকারে যোগ দেন। ১৯৭৫ সালের জেল হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন তিনি। ২০০৪ সালে জেল হত্যা মামলায় তিনি খালাস পেয়ে যান।

ওবায়দুর বিএনপিতে য়োগ দেন ১৯৭৮ সালে। ১৯৭৯ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি প্রথমে মৎস্য ও পশুপালন এবং পরে বিমান ও পর্যটনমন্ত্ ছিলেন। ১৯৮৬-১৯৮৮ সালে তিনি বিএনপির মহাসচিব ছিলেন। জুন ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে বিএনপি থেকে ফরিদপুর-২ আসনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য, বাংলাদেশের গত ৩০ বছরের ইতিহাসে প্রথাম পুরুষ প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে এককভাবে ২০৯টিতে জয়ী হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমান হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রথাগতভাবে নতুন মন্ত্রিসভার শপথের আনুষ্ঠানিকতা এতদিন সম্পন্ন হত বঙ্গভবনের দরবার হলে। এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যা দেশের ইতিহাসে ব্যতিক্রম এবং ‘প্রতীকী’ ঘটনা। মঙ্গলের সকালে জয়ী সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সাধারণত জাতীয় সংসদের স্পিকার এই দায়িত্ব পালন করেন, কিন্তু গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় ১,২০০ জন দেশি ও বিদেশি অতিথি অংশগ্রহণ করার কথা রয়েছে।

(Feed Source: zeenews.com)