
SSC: আগেই দেওয়া হয়েছে সুপারিশ পত্র৷ এবার সফল প্রার্থীদের হাতে নিয়োগপত্র দেওয়ার নির্দেশিকা জারি করল এসএসসি৷ বিধানসভা ভোটের আগেই একাদশ-দ্বাদশের নতুন শিক্ষক স্কুলে৷
বিধানসভা ভোটের আগেই স্কুলে স্কুলে নতুন শিক্ষক! কবে নিয়োগপত্র হাতে পাবেন সফল প্রার্থীরা? তারিখ বলে দিল কমিশন
কলকাতা: বিধানসভা ভোটের আগেই স্কুলে স্কুলে একাদশ-দ্বাদশের নতুন শিক্ষক। সুপারিশ পত্র দেওয়ার পর এবার নিয়োগপত্র দেওয়ার নির্দেশিকা জারি করল এসএসসি৷ সূত্রের খবর, আগামী ২ মার্চ মধ্যশিক্ষা পর্ষদ সুপারিশ পত্র পাওয়া চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র হাতে তুলে দেবে।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, আগামী ২রা মার্চ অর্থাৎ সোমবার ৬২ জন সুপারিশ পত্র পাওয়া পরীক্ষার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে৷ সুপারিশ পত্র পাওয়া প্রার্থীদের ১১ টি ডকুমেন্ট নিয়ে আসতে হবে নিয়োগপত্র নেওয়ার জন্য। ২ তারিখ নিয়োগপত্র পাওয়ার পরেই স্কুলে যোগ দিতে পারবেন সংশ্লিষ্ট প্রার্থীরা। নির্দেশিকা জারি করে সংশ্লিষ্ট প্রার্থীদের জানিয়ে দেওয়া হল।
প্রসঙ্গত, গত বুধবার একাদশ-দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের প্রথম পর্বের সুপারিশ পত্র দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে৷ দ্বিতীয় দিন সুপারিশ পত্র পেয়েছেন ১০৪ জন। মঙ্গল ও বুধবার মিলিয়ে প্রথম দফায় সাতটি বিষয়ে ১৮২ জন প্রার্থীকে ডাকা হয়েছিল। এর মধ্যে দু’দিনে সুপারিশ পত্র পেলেন প্রায় ১৬৮ জন। সুপারিশ পত্র দেওয়ার পরে এবার এই প্রার্থীদের হাতে নিয়োগপত্র হাতে তুলে দেবে মধ্যশিক্ষা পর্ষদ।
সুপারিশ পত্র দেওয়ার পর্বে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “প্রথম পর্বের সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী দিনে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ধাপে ধাপে সকল প্রার্থীকে সুপারিশ পত্র দেওয়া হবে।”
কমিশন সূত্রে খবর, মঙ্গলবার সুপারিশপত্র পেয়েছেন ৬৪ জন। ডাকা হয়েছিল ৬৭ জনকে। বাকি তিনজন অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির প্রার্থী। কিন্তু সে সংক্রান্ত প্রামাণ্য নথিতে কিছু গরমিল থাকায় সুপারিশপত্র দেয়নি এসএসসি। আর বুধবার ১১৪ জন প্রার্থীকে হয়েছিল। তার মধ্যে সুপারিশপত্র হাতে পেল ১০৪ জন চাকরিপ্রার্থী। এসএসসি সূত্রের খবর, ১০ চাকরিপ্রার্থীর কৃষিবিদ্যা বিষয়ে বিএড ছাড়াও অতিরিক্ত ডিগ্রি থাকা দরকার ছিল। কিন্তু তা না থাকায় তাঁদের সুপারিশ পত্র দেওয়া হয়নি।
