)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যালেন্ডারের পাতায় দোল আসতে এখনও কয়েকদিন বাকি, কিন্তু শহর কলকাতার বাতাসে ইতোমধ্যেই লেগেছে ফাগুনের ছোঁয়া। প্রতি বছরের মতো এবারও জাঁকজমকপূর্ণ বসন্ত উৎসবের আয়োজনে মেতেছে বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের সংস্থা ‘দীক্ষা মঞ্জরী’। আগামী ১ মার্চ, ২০২৬, রবিবার সন্ধ্যা ৬টা থেকে ভারতীয় জাদুঘর প্রাঙ্গণে বসবে এই বিশেষ আসর।
এবারের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ রবীন্দ্রনাথের চিরায়ত বসন্তের গানের পাশাপাশি সমকালীন ‘জয় হো’-র মতো জনপ্রিয় গানের কোরিওগ্রাফি। নৃত্য পরিচালনা ও পরিকল্পনায় রয়েছেন খোদ ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে পা মেলাবেন ‘দীক্ষা মঞ্জরী’র প্রায় ৫০০ জন ছাত্র-ছাত্রী। অনুষ্ঠানের অন্যতম সহযোগী হিসেবে থাকছে দক্ষিণায়ন ইউকে, প্রভা খৈতান ফাউন্ডেশন এবং খোদ ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষ।
শান্তিনিকেতনের বসন্ত উৎসবের আমেজ কলকাতায় ফিরিয়ে আনতে দক্ষিণায়ন ইউকে-র শিল্পীরা পরিবেশন করবেন রবীন্দ্রনাথের বসন্তের গান। যার পরিচালনার দায়িত্বে রয়েছেন বিশিষ্ট শিল্পী আনন্দ গুপ্ত। ওড়িশি নৃত্যের ধ্রুপদী ছন্দের পাশাপাশি বাংলা ও হিন্দি লোকপ্রিয় গানের তালে নাচে-গানে আবির মাখবেন শিল্পীরা।
প্রায় দুই দশক আগে ডোনা গঙ্গোপাধ্যায়ের নিজের বাড়ির ছাদেই শুরু হয়েছিল এই উৎসব। আজ তা শহরের অন্যতম বড় হেরিটেজ স্পেস ভারতীয় জাদুঘরের প্রাঙ্গণে জায়গা করে নিয়েছে। ডোনা জানালেন, “এখন ছাত্রছাত্রীর সংখ্যা অনেক, বাড়িতে আর জায়গা হয় না। এই হেরিটেজ স্পেসে অনেক গুণী মানুষের সমাগম হয়, ছাত্রছাত্রীরাও খুব উৎসাহ নিয়ে মহড়া দিচ্ছে।” প্রথমবার এই উদ্যোগে শামিল হয়ে আনন্দ গুপ্তও আপ্লুত। তাঁর কথায়, “এত নৃত্যশিল্পীর সাথে ডোনা গঙ্গোপাধ্যায়ের এই বিশাল কর্মযজ্ঞের অংশ হতে পেরে খুব ভালো লাগছে।” আগামী ১ মার্চের সন্ধ্যা যে কেবল নাচে-গানে নয়, বরং সংস্কৃতি আর বন্ধুত্বের আবিরে রঙিন হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।
(Feed Source: zeenews.com)
