জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জিম্বাবোয়েকে ৭২ রানে হারিয়ে সুপার আটের প্রথম হার্ডল টপকাল ভারত। চিপকে অগ্নিপরীক্ষায় পাশ করে সূর্যকুমার যাদবরা এবার কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেনে অ্যাসিড টেস্ট দেবেন। রবিবার ১ মার্চ ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে দল জিতবে, সেই দলই জায়গা করে নেবে বিশ্বকাপের সেমিফাইনালে। আগুনে উইন্ডিজের বিরুদ্ধে নামার আগে ভারত অধিনায়ক কিন্তু একেবারে চনমনে রয়েছেন। সাফ বলে দিলেন, এখনই তিনি ওয়েস্ট ইন্ডিজ নিয়ে ভাবতে চান না, আপাতত তিনি আরাম করতেই চান।
চিপকে খেলার শেষে সূর্যকুমার বললেন, ‘আমার মনে হয় আমরা সবকিছু পিছনে ফেলেই আসতে চেয়েছিলাম। লিগ পর্বে বা অমদাবাদে শেষ ম্যাচে আমরা কী করেছি, তা নিয়ে আমরা খুব বেশি ভাবিনি। আমাদের ভিডিও বিশ্লেষক সমস্ত ব্যাটার এবং বোলারদের জন্য একটি স্লাইড তৈরি করেছিলেন। সেখানে বিগত কয়েক বছর ধরে আমরা কী করেছি তা তুলে ধরেছিলেন। আমরা সেটি দেখেছি, এখান থেকে অনেক পজিটিভিটি পেয়েছি এবং স্পষ্টতা নিয়ে এখানে এসেছি। আমাদের টপ অর্ডার থেকে শুরু করে সাত নম্বর পর্যন্ত অবদান রেখেছে। আমার মনে হয় আমাদের পারফরম্যান্সে খুব কম কিছুরই অভাব ছিল।’
জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের ব্যাটাররা ভালো করলেও ইডেনে নামার আগে ভারতের বোলিং কিন্তু রীতিমতো চিন্তার বিষয় হয়ে দাঁড়াল। যা স্বীকারও করে নিলেন সূর্যকুমার, তাঁর সংযোজন, ‘সত্যি বলতে, আমরা বলের সঙ্গে আরও কিছুটা ক্লিনিকাল হতে পারতাম। কিন্তু দিনের শেষে, জয় মানে জয়। আমরা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই এটি গ্রহণ করব। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সঙ্গে খেলতে গেলে আমরা বেশ কিছু স্ক্রু টাইট করেই যাব। আমি জিম্বাবোয়ের ব্যাটারদের কাছ থেকে কোনও কৃতিত্ব কেড়ে নিতে চাই না। আমার মনে হয় তারা সুন্দর ব্যাট করেছে। হ্যাঁ, উইকেট ভালো ছিল, পাওয়ারপ্লেতে সময় নিয়ে, তাঁরা যেভাবে ইনিংস এগিয়ে নিয়ে গিয়েছিল তাতে করে স্মার্টলি খেলার গতি বাড়িয়েছিল – তা চিত্তাকর্ষক ছিল। কৃতিত্ব তাঁদেরও। বোলিংয়ের দিক থেকে গুরুত্বপূর্ণ মুহূর্তে কিছু বিকল্প নিয়ে আমরা আরও একটু বুদ্ধিমান হতে পারতাম। এই ধরনের পরিস্থিতিতে, আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহসী হতে হবে। ইতিবাচক পথ অবলম্বন করা ছাড়া আর কোনও বিকল্প নেই। কলকাতায় পৌঁছনোর পরে আমরা বসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলার জন্য সঠিক ভাবে পরিকল্পনা করব। আপাতত, একটা দিন ডে-অফ। তারপর ট্রাভেল এবং রিল্যাক্সিং।’ সূর্য বুঝিয়েই দিলেন যে তিনি ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল নিয়ে আপাতত ভাবতে চাইছেন না।
(Feed Source: zeenews.com)
