Ranji Trophy: রঞ্জিতে ইতিহাস, দ্রাবিড়িয়ান ক্রিকেট সভ্যতাকে উড়িয়ে দিল কাশ্মীরের ঝোড়ো হাওয়া…

Ranji Trophy: রঞ্জিতে ইতিহাস, দ্রাবিড়িয়ান ক্রিকেট সভ্যতাকে উড়িয়ে দিল কাশ্মীরের ঝোড়ো হাওয়া…

 

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৬৭ বছরের অপেক্ষার অবসান! ফাইনালের প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ট্রফি ঘরে তুলল জম্মু-কাশ্মীর | ৮ বারের রঞ্জি চ্যাম্পিয়ন কর্ণাটককে উড়িয়ে দিয়ে রঞ্জি দখল কাশ্মীর ব্রিগেডের |কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে বাংলাকে আগেই হারিয়েছিলেন তারা, তাই আশা ছিল তবে কর্ণাটকের হাত থেকে যে  ট্রফিটা জম্মু-কাশ্মীর একেবারে ছিনিয়ে নেবে তা সম্ভবত ক্রিকেটের ঈশ্বরও ভাবেননি! তবে তাতে কী! যারা বাংলার ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন, তারা আবারও  রঞ্জি ক্রিকেটের ‘রাজা’কর্ণাটককে সিংহাসনচ্যুত করলেন | ভারতীয় ক্রিকেট ও  ক্রিকেটপ্রেমীদের যেন এক নতুন আশা দিল এই ম্যাচ, বুঝিয়ে দিল যে ক্রিকেটে সবই সম্ভব | 

‘এটা কোনও স্বপ্ন নয়, বাস্তব! আমাদের নিজেকে রঞ্জি চ্যাম্পিয়ন হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে সাত দশক লেগেছে এবং আজ সেই অপেক্ষার অবসান হল!’, অধিনায়ক পরেশের এই কথাগুলোই বুঝিয়ে দেয় জম্মু-কাশ্মীরের মরিয়া সেই লড়াই! এই লড়াই যে ঠিক কতটা কঠিন ছিল তা বোঝা যায় কে এল রাহুলের মতো তারকার কর্ণাটকের অসহায় আত্মসমর্পণ দেখে কারণ যেখানে লড়াই আছে সেখানে জয় আছে | 

টস জিতে ব্যাট করতে নেমে জম্মু-কাশ্মীর তুলেছিল ৫৮৪ রান | শুভম পুণ্ডির ১২১, ইয়াওয়ার হাসানের ৮৮, সাহিল লোতরার ৭২ এবং অধিনায়ক পরেশ ডোগরার ৭০ রানের ইনিংসকে ঢাল করেই কর্ণাটকের বিরুদ্ধে রানের পাহাড় তোলে  জম্মু-কাশ্মীর |প্রসিদ্ধ কৃষ্ণা নেন ৫ উইকেট, যদিও তাতে বিশেষ কিছু লাভ হয়নি | কোনভাবেই টলানো যায়নি জম্মু-কাশ্মীরকে | সোজা, সরল এবং সংযত এক ইনিংস বদলে দিল সাত দশকের স্ক্রিপ্ট! কোনোদিনও জিততে না পারা একটা টিম হারিয়ে দিল আটবারের চ্যাম্পিয়নকে | 

জবাবে ব্যাট করতে নেমে টাল সামলাতে পারেনি কর্ণাটক! এক সময় ৫৭ এ ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় হারিয়ে যায় তারা | মায়ঙ্ক আগরওয়াল কিছুটা চেষ্টা করেছিলেন, কিন্তু তাঁর একার লড়াই সফল হয়নি |মায়ঙ্কের  ১৬০ রানের এক অনবদ্ধ ইনিংস সত্ত্বেও ২৯৩-তেই শেষ হয়ে যায় কর্ণাটকের ইনিংস |আকিব নবি নেন পাঁচ উইকেট, সুনীল কুমার ও যুবধীর সিং নেন দুটি করে উইকেট | 

জয়ের মুখে দাঁড়িয়েও লক্ষভ্রষ্ট হয়নি জম্মু-কাশ্মীর! ২৯১ রানে এগিয়ে ফের ব্যাট করতে নামে তারা এবং দ্বিতীয় ইনিংসে ৩৪২ রানেই ইনিংস ছাড়ে জম্মু-কাশ্মীর |ওপেনার কামরান ইকবাল ১৬০ রানে অপরাজিত থাকেন, সাহিল অপরাজিত থাকেন ১০১ রানে | চতুর্থ দিনের শেষে ম্যাচে ফিরতে পারেনি কর্ণাটক | এই ইনিংসেও দুটি উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা |

নির্ধারিত সময় শেষ হওয়ার জন্য ম্যাচ ড্র হয় এবং জম্মু-কাশ্মীর প্রথমবারের জন্য রঞ্জি জয়ের স্বাদ পায় | দিনের শেষ হলেও, এ এক নতুন অধ্যায়ের সূচনা! জম্মু কাশ্মীরের এই রঞ্জি জয় শুধুমাত্র জম্মু কাশ্মীরকেই নয় বরং ভারতীয় ক্রিকেটেও বিশেষ প্রভাবিত করবে |  কথায় আছে শেষ ভাল যার, সব ভাল তার | প্রবাদও বদলে দিলেন কাশ্মীরি তরুণরা! জম্মু-কাশ্মীরের প্রথম ইনিংসই তাদের এনে দিল সেরার সম্মান |

(Feed Source: zeenews.com)