
Hazarduari University Murshidabad: মুর্শিদাবাদের ঐতিহাসিক প্রেক্ষাপটকে সম্মান জানিয়ে এবার জেলায় ভিত্তিপ্রস্তর স্থাপিত হল ‘হাজারদুয়ারী বিশ্ববিদ্যালয়’-এর। মন্ত্রী ফিরহাদ হাকিম এই নতুন শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। এর ফলে জেলার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য আর বাইরে ছুটতে হবে না।
মুর্শিদাবাদে হাজারদুয়ারী বিশ্ববিদ্যালয় উদ্বোধনে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাজা কৃষ্ণনাথের নাম না থাকায় দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল মুর্শিদাবাদ জেলাবাসীর। তাই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে মুর্শিদাবাদ মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব পাশ হয়েছে রাজ্য বিধানসভায়। ঐতিহাসিক কৃষ্ণনাথ কলেজকে কেন্দ্র করে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। রাজা কৃষ্ণনাথের দান করা জমির উপর বিশ্ববিদ্যালয় গড়ে উঠলেও তাঁর নাম ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত না করায় ক্ষোভ তৈরি হয়েছিল কলেজের প্রাক্তনী এবং জেলার সাধারণ মানুষের মধ্যে।
জেলাবাসীর সেই আবেগকে সম্মান দিয়ে রাজ্য সরকার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সবুজ সংকেত দিয়েছে। আর এরই মধ্যে রাজ্যে আসন্ন বিধানসভায় নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলাবাসীকে আরও একটি উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ফিরহাদ হাকিমের হাত ধরে ভিত্তিপ্রস্থর স্থাপন হল মুর্শিদাবাদ হাজারদুয়ারী বিশ্ববিদ্যালয়ের।
রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মুর্শিদাবাদের জেলা শাসক নীতিন সিংহানিয়া-সহ জেলার একাধিক বিধায়ককে সঙ্গে নিয়ে লালবাগে রাজ্য সরকারের প্রস্তাবিত এই নতুন বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থ স্থাপন করেন। এর পাশাপাশি রাজ্যের মন্ত্রী লালবাগ শহরে কাটরা মসজিদের কাছে একটি তোরণ নির্মাণের কাজেরও শিলান্যাস করেন।
ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠান শেষে ফিরহাদ হাকিম বলেন, “মুর্শিদাবাদ জেলায় আরও একটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়ে যাওয়ার পর জেলার ছেলেমেয়েদের কাছে উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়বে।”
ফিরহাদ হাকিম আরও বলেন, “বাংলার সব ইতিহাস সংরক্ষণ করা হবে এই বিশ্ববিদ্যালয়ে। যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে কীভাবে সিরাজ, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল এবং বলেছিল আমরা পরাধীনতা মানি না। মুর্শিদাবাদ হাজারদুয়ারী বিশ্ববিদ্যালয় চালু হয়ে গেলে বিদেশ থেকেও প্রচুর ছাত্র-ছাত্রী গবেষণা করতে এখানে আসবেন।”
(Feed Source: news18.com)
