School Bus Accident: লজঝড়ে স্কুলবাসেই ঝুঁকির সফর, রাস্তার ঝাঁকুনিতে পচা মেঝে ফুঁড়ে রাস্তায় আপার কেজির অনন্যা… পিষে দিল চাকা…

School Bus Accident: লজঝড়ে স্কুলবাসেই ঝুঁকির সফর, রাস্তার ঝাঁকুনিতে পচা মেঝে ফুঁড়ে রাস্তায় আপার কেজির অনন্যা… পিষে দিল চাকা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্কুলবাসের ভিতর ভাঙা মেঝে। আর তাতেই পা ফসকে চলন্ত বাস থেকে নীচে পড়ে গেল ছয় বছরের পড়ুয়া। ওই বাসের চাকার নীচেই পিষ্ট হল সে। ঘটনাটি উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলার। গত রবিবার উত্তরপ্রদেশ পুলিস খবরটি নিশ্চিত করেছে।

পুলিস জানিয়েছে, মৃত শিশুর নাম অনন্যা কুমারী। সে আলিগড়ের মাউন্ট দেব ইন্টারন্যাশনাল স্কুলের ইউকেজি (UKG)-র ছাত্রী ছিল। স্কুল থেকে বাড়ি ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। পুলিস জানায়, হঠাৎ করে বাসের মেঝের একটি অংশ ভেঙে যায় এবং অনন্যা সেই গর্ত দিয়ে সরাসরি রাস্তায় পড়ে যায়। মুহূর্তের মধ্যেই বাসের পেছনের চাকা তাকে পিষ্ট করে দেয়। গাড়িতে থাকা অন্য শিশুদের চিৎকার এবং পথচারীদের সংকেত পেয়ে চালক বাসটি থামান। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।

তদন্তে নেমে পুলিস বাসের নিরাপত্তা নিয়ে একাধিক গুরুতর তথ্য জানতে পেরেছে। জানা যায়, বাসটির কোনও বৈধ ফিটনেস সার্টিফিকেট ছিল না। গাড়িটির কোনও বিমা করা ছিল না। এমন জরাজীর্ণ একটি বাস কীভাবে স্কুল পড়ুয়াদের যাতায়াতের অনুমতি পেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পুলিস অভিযুক্ত বাস চালককে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ এবং অভিভাবকরা স্কুল বাসের নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন।

উল্লেখ্য, রবিবার স্কুটিতে করে ছেলেকে টিউশনি নিয়ে যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত্যু হয় মায়ের। গুরুতর আহত হয় চার বছরের শিশু। রবিবার ঘটনাটি ঘটে পুরুলিয়ার রঘুনাথপুর -বাঁকুড়া রাজ্য সড়কের উপর রঘুনাথপুর থানার চিনপিনা গ্রামের অদূরে। মৃত মহিলার নাম পুজা মাজী (২৫)। বাড়ি রঘুনাথপুর থানায় লায়েকডাঙা গ্রামে। ঘটনায় পথ অবরোধ করে স্থানীয়রা।

জানা যায়, এদিন পুজা মাজী তার চার বছরের ছেলেকে স্কুটিতে চাপিয়ে টিউশনে নিয়ে যাচ্ছিলেন। রাজ্য সড়ক দিয়ে যাওয়ার পথে দুটি লরির ধাক্কার মাঝে পড়ে যায় স্কুটিটি। ঘটনাস্থলে লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হন মা ও ছেলে । সঙ্গে সঙ্গে দুজনকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা পুজা মাজীকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চার বছরের শিশুকে। ঘটনার পর পথ নিরাপত্তার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। খবর পেয়ে রঘুনাথপুর থানার পুলিয় ঘটনাস্থলে পৌঁছায়। পুলিসের আশ্বাসে প্রায় ২ ঘণ্টা পর ওঠে সেই অবরোধ।

(Feed Source: zeenews.com)