
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্ষীয়ান পরিচালক গৌতম ঘোষের মুকুটে যোগ হল এক নতুন পালক। কলকাতার নতুন শেরিফ হিসেবে মনোনীত হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রপরিচালক গৌতম ঘোষ। সূত্র মারফত জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের সুপারিশ এবং রাজ্য সরকারের সম্মতির ভিত্তিতেই তাঁর নাম এই বিশেষ পদের জন্য চূড়ান্ত করা হয়েছে। আগামী এক বছরের জন্য তিনি এই সম্মানীয় পদের দায়িত্ব পালন করবেন।
শহরের শেরিফ নির্বাচনের একটি সুনির্দিষ্ট প্রথা রয়েছে। সেই নিয়ম মেনেই কলকাতা হাইকোর্ট শহরের বিশিষ্ট নাগরিকদের মধ্য থেকে তিনজনের একটি প্যানেল তৈরি করে রাজভবনে পাঠায়। সেই তালিকা থেকেই রাজ্যপাল একজনকে চূড়ান্ত মনোনয়ন দেন। এবার সেই প্রক্রিয়ার মাধ্যমেই গৌতম ঘোষকে এই ঐতিহ্যবাহী পদের জন্য বেছে নেওয়া হয়েছে।
বর্তমানে ভারতের মাত্র দুটি শহরে—কলকাতা ও মুম্বইয়ে এই ‘শেরিফ’ পদটি সক্রিয় রয়েছে। ব্রিটিশ আমল থেকে চলে আসা এই পদটি বর্তমানে কার্যত সম্মানসূচক। তবে নাগরিক জীবনের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শেরিফের উপস্থিতি অত্যন্ত গুরুত্ব বহন করে। শহরের ইতিহাস ও আভিজাত্যের সঙ্গে এই পদটি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। মূলত একজন অরাজনৈতিক ব্যক্তিত্বকে এই সম্মানে ভূষিত করা হয়, যিনি সমাজ বা সংস্কৃতিতে বিশেষ অবদান রেখেছেন।
চিত্রপরিচালক হিসেবে গৌতম ঘোষের ঝুলিতে রয়েছে অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। এবার প্রশাসনিক ও ঐতিহাসিকভাবে শহরের অভিভাবকের দায়িত্ব পাওয়ায় খুশি সংস্কৃতি মহল। এর আগে একাধিক প্রথিতযশা ব্যক্তিত্ব এই পদে আসীন হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন কিংবদন্তি পরিচালক। জানা গিয়েছে, খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে তিনি তাঁর দায়িত্ব গ্রহণ করবেন।
(Feed Source: zeenews.com)
