
বেঙ্গালুরু: তিনি ভারতের সর্বকালের অন্যতম সেরা ফাস্টবোলার। তাঁকে অনেকে ভারতের সর্বকালের সেরা বাঁহাতি ফাস্টবোলারও বলেন। এবার পেলেন বড় দায়িত্ব। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ভারতে ফাস্ট বোলিং শিবির চালানোর দায়িত্ব কিংবদন্তি ক্রিকেটার জাহির খানকে (Zaheer Khan) দিয়েছে। জাহির এখন দেশে ফাস্টবোলারদের একটি নতুন প্রজন্মকে তৈরি করতে সাহায্য করবেন। তাঁকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। জাহির বেঙ্গালুরুতে অবস্থিত ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে বিশেষ ফাস্ট বোলিং ট্রেনিং ক্যাম্পের আয়োজন করলেন।
প্রথম দফায় জাহিরের শিবিরে যোগ দিলেন গুরনুর ব্রার (Gurnoor Brar), সিমারজিৎ সিংহ (Simarjeet Singh), তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande), বাংলার পেসার আকাশ দীপ (Akash Deep), অংশুল কম্বোজ (Anshul Kamboj)।
সেন্টার অফ এক্সেলেন্সের কাছে গত বছর ডিসেম্বরের পর থেকে কোনও প্রধান ফাস্ট বোলিং কোচ নেই। ৬০ বছর বয়সী প্রাক্তন কোচ ট্রয় কুলির মেয়াদ ডিসেম্বর মাসে শেষ হয়েছিল, যিনি চার বছর ধরে সিওই (COE)-তে ফাস্ট বোলিং কোচের পদে কাজ করছিলেন।
ভারতীয় ক্রিকেট বোর্ড এই পদের জন্য ৯ ফেব্রুয়ারি আবেদন গ্রহণ করা শুরু করেছিল, কিন্তু এখনও ট্রয় কুলির বিকল্প খুঁজে পাওয়া যায়নি। সূত্রের খবর, দেশের অনেক রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ফাস্টবোলারদের একটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, যে পেসাররা ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত একটি ফাস্টবোলিং ক্যাম্পে অংশ নিচ্ছেন এবং এই ট্রেনিং ক্যাম্পের আয়োজন হয়েছে জাহির খানের তত্ত্বাবধানে।
বিসিসিআই-এর সেন্টার অফ এক্সেলেন্সের হেড অফ ক্রিকেট ভি ভি এস লক্ষ্মণও এই উদ্যোগকে সমর্থন করেছেন। সূত্রের খবর যে জাহির খান কোচিংয়ের ভূমিকাটিকে খুব উৎসাহের সঙ্গে দেখেন। তিনি লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং মনে করেন যে ফাস্টবোলারদের পরবর্তী প্রজন্ম তৈরি করতে তিনি অবদান রাখতে পারেন।
এখনও পর্যন্ত এটা স্পষ্ট নয় যে জাহির খান সেন্টার অফ এক্সেলেন্সে পুরো সময়ের ফাস্টবোলিং কোচ হিসাবে আসতে চান কি না। যখন বিসিসিআই-এর চাকরির শূন্যপদ বের হয়, তখন বিসিসিআই-এর জব ডেস্ক্রিপশনে লেখা ছিল যে, সেন্টার অফ এক্সেলেন্সে দায়িত্বে আসা বোলিং কোচ ভারতীয় ক্রিকেট দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করবেন এবং ফাস্টবোলারদের নতুন প্রজন্ম তৈরি করতে সাহায্য করবেন। জাহিরকে সেই ভূমিকায় দেখা যাবে?
(Feed Source: abplive.com)
