)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পশ্চিম এশিয়ার আকাশে যুদ্ধের ঘনঘটা। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চরমে পৌঁছতেই আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। পাল্টা হিসেবে মার্কিন সেনাঘাঁটিতে প্রত্যাঘাত হেনেছে ইরানও। এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। এই ত্রিমুখী উত্তেজনায় কাঁপছে গোটা বিশ্ব। আর এই ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির জেরে বিদেশের মাটিতে আটকে পড়লেন অভিনেত্রী সন্দীপ্তা সেন।
স্বামী সৌম্যোপাধ্যায়ের সঙ্গে নরওয়ে ও ফিনল্যান্ড ভ্রমণে গিয়েছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ফেরার পথে প্যারিস থেকে আবুধাবি হয়ে কলকাতায় আসার কথা ছিল তাঁদের। কিন্তু যুদ্ধের কারণে আবুধাবির সমস্ত বিমান চলাচল বাতিল করা হয়েছে। সন্দীপ্তা জানিয়েছেন, অন্য কোনও রুটেও টিকিট পাওয়া যাচ্ছে না। এয়ারওয়েজ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ৫ তারিখের আগে বিমান চলাচলের কোনও সম্ভাবনা নেই। প্যারিসের হোটেলে বসেই এখন দেশে ফেরার প্রহর গুনছেন আতঙ্কিত অভিনেত্রী।
তবে একা সন্দীপ্তা নন। ছেলে ইউভানকে নিয়ে দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে চরম বিপাকে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আচমকা যুদ্ধ শুরু হওয়ায় বিমান পরিষেবা স্তব্ধ হয়ে গিয়েছে। তবে শুভশ্রীর স্বামী, পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী অনুরাগীদের আশ্বস্ত করে জানিয়েছেন, “শুভশ্রী ও ইউভান দুজনেই দুবাইয়ে নিরাপদে আছে। ওরা বর্তমানে হোটেলেই আছে।” পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁদের ওখানেই থাকতে হচ্ছে।
যুদ্ধ ও উত্তেজনার জেরে পশ্চিম এশিয়ার একাধিক এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হয়েছে। একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় কয়েক হাজার যাত্রী বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েছেন। টলিপাড়া এখন দিন গুনছে কবে ঘরের মেয়ে হয়ে ঘরে ফিরবেন, এখন সেটাই দেখার।
(Feed Source: zeenews.com)
