Sunil Gavaskar: ‘এটা তো বিশ্বকাপ নাকি?’ লেজার শোয়ের পর মাঠে DJ বন্ধের দাবিতে সোচ্চার সানি, ফুঁসছেন বুমরার ঘটনায়…

Sunil Gavaskar: ‘এটা তো বিশ্বকাপ নাকি?’ লেজার শোয়ের পর মাঠে DJ বন্ধের দাবিতে সোচ্চার সানি, ফুঁসছেন বুমরার ঘটনায়…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar) বরাবরই ঠোঁটকাটা। সোজা কথা সোজা ভাবে বলতে তিনি দু’বার ভাবেন না। এবার তিনি বিশ্বকাপে DJ বন্ধের দাবিতে সোচ্চার হলেন। ভারতের প্রাক্তন অধিনায়ক তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ভারত-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালে (India vs England T20 World Cup Semi-Final) ঘটে যাওয়া ঘটনায়। ওয়াংখেড়ে স্টেডিয়ামে জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) তাতাতে, মাঠের DJ দর্শকদের বলেছিলেন, Boom Boom Bumrah  শব্দব্রহ্ম তুলতে। আর তখন বুমরার কাঁধে দায়িত্ব ছিল ভয়ংকর হয়ে ওঠা জ্যাকব বেথেল এবং স্যাম কারানকে নিয়ন্ত্রণ করার। সেই ওভারে ইংরেজদের প্রয়োজন ছিল ৪৫ রানের।

লেজার শোয়ের পর ডিজে বাজানো নিয়ে আপত্তি সানির

গাভাসকর কমেন্ট্রি করার সময়ে বলেন, ‘বুমরা বল করার সময়ে দর্শকদের ‘বুম বুম বুমরা’ বলার ধারণা মোটেই ভালো নয়। মাঠের ডিজে-রা এটা ওভারের মাঝামাঝি সময়ে করতে পারে, কিন্তু ওভার চলাকালীন নয়। আরে এটা তো বিশ্বকাপ নাকি।’ চলতি বিশ্বকাপে আধুনিক বিনোদন উপাদানের সমালোচনা এই প্রথম করলেন না গাভাসকর। এর আগে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালের সময়ে যখন খেলার মাঝে লেজার শোয়েরও নিন্দা করেছিলেন মুম্বইকর। গাভাসাকর যুক্তি দিয়েছিলেন যে, ড্রিংকস ব্রেকের সময়ে অন্ধকার থেকে আচমকাই ফ্লাডলাইটের এই দ্রুত পরিবর্তন একজন ব্যাটারের মনোযোগ মারাত্মক ভাবে ক্ষতি করতে পারে। গাভাসকর প্রশ্ন তুলেছিলেন, ‘এই ড্রিংকস ব্রেকের আড়াই বা তিন মিনিটের মধ্যে লেজার শো! ব্যাটারদের জন্য বা অন্য কারো জন্যই এটা কিন্তু সহজ নয়। চারপাশে অন্ধকার কাটিয়ে আলোতে চোখ অভ্যস্ত করা আবার উজ্জ্বল আলোয় ফেরা খুবই কঠিন। সেখানে আবার লেজার। আর এটা বিশ্বকাপ। আড়াই মিনিটের এই বিনোদনের কি দরকার?

বুমরা মানেই জাদু

গাভাসকর এই বিক্ষেপের কথা বললেও, সাত রানের ভারতের জয়ে বুমরা আবারও নির্ধারক হিসেবে প্রমাণিত হয়েছেন। তিনি নির্দিষ্ট কোটার চার ওভারে ৩৩ রান দিনে ১ উইকেট পেয়েছেন। এবং তিনি প্রথম বলেই ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুকের গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন। বুমরাহর দক্ষতা সবচেয়ে স্পষ্ট ছিল ডেথ ওভারে। তিনি সেখানেই যদিও কামাল করেন। যেখানে তিনি যথাক্রমে মাত্র আট এবং ছয় রান দিয়েছিলেন। সঞ্জু স্যামসনকে তাঁর ৮৯ রানের ইনিংসের জন্য ম্যাচ সেরা নির্বাচিত করা হলেও, স্যামসন নিজেই কিন্তু জয়ের জন্য বুমরাহকে কৃতিত্ব দিয়েছেন। বলেছেন বুমরার মতো বোলার প্রজন্মে একটাই আসে। পাশাপাশি এও বলেছেন, ম্যাচ সেরার পুরস্কার তাঁর হাতে নয়, বুমরার হাতেই থাকার কথা ছিল। সানি এক সর্বভারতীয় মিডিয়ায় বলেছেন যে, ভারতীয় বোলারদের বুমরার থেকে শেখা উচিত।

(Feed Source: zeenews.com)