জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিলাসবহুল গাড়ি, দামি বাইক আর লক্ষ লক্ষ ফলোয়ার- সোশ্যাল মিডিয়ায় শীর্ষে থাকা মোটোভ্লগার অনুরাগ ডোভালের এটাই রিল লাইফ। কিন্তু পর্দার পিছনে থাকা অনুরাগের ব্যক্তিগত জীবন অন্ধকারাচ্ছন্ন। শনিবার তাঁর করা লাইভ ভিডিয়ো নাড়িয়ে তুলেছে নেট দুনিয়াকে। এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
কী ঘটেছিল?
শনিবার দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানোর সময় অনুরাগ ইনস্টাগ্রামে লাইভে আসেন। গাড়িটি ঘণ্টায় ১৫০ কিলোমিটারেরও বেশি গতিতে চলছিল। লাইভ ভিডিয়োতে দেখা যায়, তিনি চোখের জল ধরে রাখতে পারছেন না। জলভেজা চোখ, আবেগে ভরা গলায় অনুরাগ তাঁর মাকে উদ্দেশ্য করে বলেন, ‘পরের জন্মে যখন আসব, তখন দয়া করে একটু ভালোবাসা দিও মা। আমার অনেক ভালোবাসার প্রয়োজন ছিল।’ ভিডিয়োর এক পর্যায়ে তিনি ইচ্ছাকৃতভাবে রাস্তার ডিভাইডারে গাড়িটি সজোরে ধাক্কা দেন।
সেই সময় অনুরাগের লাইভটি ৮২ হাজার মানুষ দেখছিলেন। ভিডিয়োতে তিনি আরও বলেন, ‘চলো শেষ ড্রাইভে যাই।’ তারপর তিনি ক্যামেরা ঘুরিয়ে উইন্ডশিল্ড এবং স্পিডোমিটারের দিকে দেখান। যেখানে দেখা যায়, গাড়ি ১৫০ কিলোমিটারেরও বেশি গতিতে চলছে। এরপর তাঁকে বাঁ দিক থেকে একটি বাস এবং অন্য একটি গাড়িকে ওভারটেক করতে দেখা যাচ্ছে, তারপরই চিৎকার করে ‘বিদায়’ বলে; স্টিয়ারিং জোরে ডান দিকে ঘুরিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন।
কেন এই চরম সিদ্ধান্ত?
কয়েকদিন আগেই অনুরাগ একটি ভিডিয়ো প্রকাশ করেছিলেন। ২ ঘণ্টার দীর্ঘ আবেগঘন ভিডিয়ো পোস্ট করেন অনুরাগ। যেটা তিনি ‘শেষ ভ্লগ’ বলে উল্লেখ করেছিলেন। ভিডিয়োতে তিনি অভিযোগ করেন, তাঁর পরিবারের সদস্যরা তাঁকে তীব্র মানসিক নির্যাতন ও হেনস্তা করছেন। গত বছর দীর্ঘদিনের প্রেমিকা রিতিকা চৌহানকে বিয়ে করার পর থেকেই পরিবারের সঙ্গে তার দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। অনুরাগ অভিযোগ করেন, তাঁর পরিবার এই বিয়ে মেনে নিতে পারেনি এবং তাকে প্রচণ্ড চাপে ফেলেছিল। এমনকি, তার ভাই এবং বাবা-মা তার ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন বলেও তিনি দাবি করেন। তিনি ভিডিয়োতে বলেছিলেন, ‘গত কয়েক মাসে আমার জীবন আমূল বদলে গিয়েছে। কখনও ভাবিনি জীবন আমাকে এভাবে শেষ করে দেবে।’ ভিডিয়োতে তিনি নিজের হতাশার কথা জানিয়ে বলেছিলেন, তিনি আত্মহত্যার কথা ভাবছেন এবং এর জন্য তাঁর পরিবার দায়ী থাকবে।
বর্তমানে কী অবস্থা?
দুর্ঘটনার পর অনুরাগকে দ্রুত উদ্ধার করে মেরঠের সুভারতি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন। অনুরাগের টিম এক বিবৃতিতে জানিয়েছে, অনুরাগকে বর্তমানে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর ভক্তদের ধন্যবাদ জানিয়ে টিম জানিয়েছে, ‘ভক্তরাই তাঁর লাইভ দেখে দ্রুত অবস্থান শনাক্ত করতে পেরেছিল, যার ফলে তাকে সঠিক সময়ে উদ্ধার করা সম্ভব হয়েছে।’
কে এই অনুরাগ ডোভাল?
১৯৯৭ সালের ৩ মে দেরাদুনে জন্মগ্রহণকারী অনুরাগ জনপ্রিয় একজন মোটোভ্লগার। ইউটিউবে ৭.৯ মিলিয়ন এবং ইনস্টাগ্রামে ৭.৪ মিলিয়নেরও বেশি অনুসারী রয়েছেন তাঁর। হাই-এনার্জি ট্রাভেল ভ্লগ এবং মোটরসাইকেল রাইডিং ভিডিয়োর মাধ্যমে তিনি পরিচিতি পান। জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৭’-এর প্রতিযোগী হিসেবে তিনি মূলধারার বিনোদন জগতে নিজের পরিচিতি আরও বিস্তৃত করেন। অনুরাগ তাঁর শখের বিলাসবহুল ল্যাম্বরগিনি হুরাকান, কাওয়াসাকি নিনজা এইচ২ এবং বিএমডব্লিউ এস১০০০ আরআর-এর মতো দামি গাড়ি ও বাইক রেখেছেন, যার মোট মূল্য ৮ কোটি টাকারও বেশি।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ…
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন– কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(Feed Source: zeenews.com)
