Nishant Kumar Joins JDU: জেডিইউতে যোগ দিলেন নীতীশের ছেলে নিশান্ত, উপমুখ্যমন্ত্রীর পদ পাক্কা?

Nishant Kumar Joins JDU: জেডিইউতে যোগ দিলেন নীতীশের ছেলে নিশান্ত, উপমুখ্যমন্ত্রীর পদ পাক্কা?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যসভায় যাচ্ছেন নীতীশ কুমার। তাঁর জায়গায় বিহারের কুর্সিতে বসতে পারেন কোনও দলিত নেতা।  তবে এমনও খবর রয়েছে যে নীতীশের ছেলে নিশান্ত কুমারকে উপ মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হতে পারে। এমনই এক পরিস্থিতিতে জনতা দল ইউনাইটেড-এ যোগ দিলেন নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমার। রাজনীতিতে আসতে তিনি চাননি। শোনা যাচ্ছে নিশান্তকে রাজনীতিতে আনার পেছনে রয়েছে ক্ষমতার অলিন্দে কাউকে বসিয়ে রাখা।

রবিবার নীতীশ কুমারের ছেলে নিশান্ত আনুষ্ঠানিকভাবে জেডিইউতে যোগ দিলেন। দলীয় সদস্যপদ গ্রহণের পর নিশান্ত উপস্থিত নেতাদের বলেন, একজন সক্রিয় কর্মী হিসেবে দলের পাশে থাকার চেষ্টা করব। বাবা রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটা তাঁর একান্ত ব্যক্তিগত বিষয় এবং আমি তা মেনে নিয়েছি। তাঁর পথনির্দেশেই আমরা কাজ করব। দলের নেতা ও সাধারণ মানুষের আস্থার মর্যাদা রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার চেষ্টা করব।

‘সুশাসন বাবু’ হিসেবে পরিচিতি নীতীশ কুমার ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন।

পেশায় ইঞ্জিনিয়ার নিশান্ত কুমার এতদিন রাজনীতি থেকে দূরেই ছিলেন। নীতীশ কুমার বরাবরই পরিবারতন্ত্রের রাজনীতির বিরোধী, তাই এতদিন নিশান্ত সক্রিয় রাজনীতিতে আসেননি। তবে এবার নীতীশ কুমার তাঁর ছেলেকে রাজনীতিতে যোগ দেওয়ার অনুমতি দিয়েছেন। জেডিইউ-এর বর্ষীয়ান নেতারা নিশান্তের এই রাজনীতিতে আসাকে স্বাগত জানিয়েছেন এবং তাঁদের মতে, এটি দলের কর্মীদের ইচ্ছারই প্রতিফলন।

নিশান্ত কুমারের রাজনীতিতে আসা এবং জেডিইউ-তে যোগদানের সময় থেকেই নতুন এক জল্পনা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে,নীতীশ কুমার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে রাজ্যসভায় চলে যাওয়ার পর, নতুন সরকারে নিশান্ত কুমারকে উপ-মুখ্যমন্ত্রী করা হতে পারে। এই পরিবর্তনের পর বিহারে প্রথমবারের মতো বিজেপির নিজস্ব কোনো নেতা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে। আর সেখানেই ট্যুইস্ট। মহারাষ্ট্রের মতো এবার বিহারও চলে যাবে বিজেপির খপ্পরে।

নীতীশ জানিয়েছেন, তাঁর দীর্ঘদিনের ইচ্ছে ছিল সংসদ এবং রাজ্যের আইনসভার (বিধানসভা ও বিধান পরিষদ)—এই চারটিরই সদস্য হওয়ার। তিনি ইতিমধ্যে লোকসভার সাংসদ, বিধায়ক (MLA) এবং বিধান পরিষদ সদস্য (MLC) হিসেবে দায়িত্ব পালন করেছেন; রাজ্যসভার সদস্য হওয়া বাকি ছিল। এটি পূর্ণ হলে তিনি বিহারের প্রয়াত নেতা সুশীল মোদী এবং লালু প্রসাদ যাদবের মতো বিরল রেকর্ডের অধিকারী হবেন।

অন্যদিকে, প্রধান বিরোধী দল আরজেডি (RJD) এই পরিস্থিতিকে বিহারে বিজেপির চালানো “রাজনৈতিক অপহরণ” বলে কটাক্ষ করেছে। তাদের দাবি, এতে জেডিইউ-এর মূল ভোটাররা প্রতারিত বোধ করছেন। আরজেডি-র রাজ্যসভার সাংসদ মনোজ কুমার ঝা বলেন, গত বছর বিধানসভা নির্বাচনের প্রচারের সময় তেজস্বী যাদব বারবার বলেছিলেন যে নীতীশ কুমার একজন “অস্থায়ী মুখ্যমন্ত্রী”। মনোজ ঝা আরও যোগ করেন, “যে মানুষটি ২১ বছর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেন, তিনি এখন রাজ্যসভায় যেতে চাইছেন। এটি খুবই ছেলেমানুষি। অন্তত কোনো জোরাল যুক্তি দিন।”

(Feed Source: zeenews.com)