জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগে গর্ভেই তাঁর সন্তানের মৃত্যু হয়, অভিযোগ ওঠে চিকিত্সকের বিরুদ্ধে, তা নিয়ে তোলপাড় হয় গোটা নেটপাড়া। অবশেষে ব্যক্তিগত জীবনের কঠিন সময় পেরিয়ে ফের কাজে ফিরেছেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সোহিনী গঙ্গোপাধ্যায়। তবে কাজে ফিরতেই ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের অজাত সন্তানকে নিয়ে ‘পবিত্র গর্ভ’ মন্তব্য করায় নেটিজেনদের একাংশের তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। পরিস্থিতি সামাল দিতে এবার ভিডিও বার্তা দিলেন সোহিনী।
কিছুদিন আগেই সন্তান হারানোর যন্ত্রণার কথা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন সোহিনী। সেই শোক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার লড়াই চালাচ্ছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের সন্তানের মৃত্যু প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে, তাঁর গর্ভ ‘পবিত্র’ ছিল বলেই হয়তো সন্তান পৃথিবীতে এল না। এই মন্তব্য ভাইরাল হতেই নেটিজেনরা প্রশ্ন তোলেন— তবে কি যাঁদের সন্তান সুস্থভাবে জন্মায়, তাঁদের গর্ভ ‘অপবিত্র’? অনেকেই তাঁর মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন, আবার কেউ কেউ একে ‘ভিউ’ পাওয়ার কৌশল বলে দাগিয়ে দেন।
বিতর্ক হাতের বাইরে চলে যাওয়ায় সোমবার একটি ভিডিও পোস্ট করেন সোহিনী। সেখানে তিনি স্পষ্ট জানান, কোনো প্রচার বা উপার্জনের উদ্দেশ্যে তিনি এই কথা বলেননি। সোহিনীর কথায়, “আমি কখনোই বলতে চাইনি যে অন্য মায়েরা অপবিত্র। আমি কেবল আমার নিজের অনুভূতির কথা বলেছি। আমি নিজেও ভবিষ্যতে আবার মা হতে চাই, তার মানে কি আমি নিজেকেই অপবিত্র বলছি? একেবারেই নয়।”
সোহিনী আরও যোগ করেন যে, একটি দীর্ঘ সাক্ষাৎকারের ছোট অংশ কেটে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে, যার ফলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তিনি কোনো মা-কেই আঘাত করতে চাননি এবং মায়েদের সম্পর্কে কোনো নেতিবাচক ধারণা পোষণ করেন না। এই বিষয়ে ভবিষ্যতে আর কোনো মন্তব্য করবেন না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
সন্তান হারানোর পর দীর্ঘ বিরতি নিয়েছিলেন সোহিনী। আগের মতো সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় না থাকলেও ধীরে ধীরে নিজের ভ্লগিং ও অন্যান্য কাজ শুরু করেছেন। তবে এই বিতর্ক তাঁর ফিরে আসার পথে কিছুটা হলেও কাঁটা বিছিয়ে দিল বলে, তা এককথায় অনস্বীকার্য।
(Feed Source: zeenews.com)
