একাধিক অনুষ্ঠানে যেতে পারছেন না, বাড়িতেই চলছে চিকিৎসা! দুর্ঘটনার পরে কেমন আছেন শ্রীজাত?

একাধিক অনুষ্ঠানে যেতে পারছেন না, বাড়িতেই চলছে চিকিৎসা! দুর্ঘটনার পরে কেমন আছেন শ্রীজাত?

কলকাতা: দুর্ঘটনার কবলে কবি-পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Bandyopadhyay)। রবিবার মেদিনীপুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি, সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, সাঁতরাগাছির কাছে দুর্ঘটনাটি ঘটে। পিছন থেকে এসে একটি গাড়ি ধাক্কা মারে শ্রীজাতর গাড়িতে। ঘটনাস্থলেই দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। পেশিতে অল্প চোট পান কবি, তবে আপাতত বাড়িতেই রয়েছেন তিনি। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। অনুরাগীরা অনেকেই জানতে চেয়েছিলেন, কেমন আছেন কবি। আজ সোশ্যাল মিডিয়ায় নিজের স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তিনি নিজেই। কী লিখেছেন শ্রীজাত?

কবি লিখছেন, ‘সকলকে জানাই, এখন সুস্থ আছি, বাড়িতেই আছি। পেশিতে চোট পেয়েছি, চিকিৎসা চলছে। কিছুদিনের বিশ্রামও তারই অন্তর্গত। আমাদের গাড়িটি গুরুতর ভাবে জখম হলেও, আমি বিপন্মুক্ত। গাড়ি চালাচ্ছিলেন যিনি, তিনিও নিরাপদ আছেন। কাল আমার এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর থেকে অগণিত শুভাকাঙ্খী দূর্বাকে ও আমাকে নানাভাবে যোগাযোগ ক’রে আমার কুশল জানতে চেয়েছেন, আমরা যথাসম্ভব প্রত্যুত্তর করেছি। তবুও হয়তো কারও কারও কাছে ব্যক্তিগত ভাবে পৌঁছনো হয়নি, তাই এই লেখা। আর-কেউ যেন এ-সংবাদে উদ্বিগ্ন না হন, সেও এ-লেখার উদ্দেশ্য। আরেকটি ধোঁয়াশাও সৃষ্টি হয়েছে কোনও ভাবে, কাটানো দরকার। তা হলো এই যে, দূর্বা সেদিন আমার সঙ্গে গাড়িতে ছিল না।’

শ্রীজাত আরও লিখেছেন, ‘দুটি কথা আলাদা ক’রে বলার। কাছের বন্ধুবান্ধব বা আত্মীয়-পরিজনদের শঙ্কা তো স্বাভাবিক ও অনুমেয়। তাঁরা ব্যতিরেকেও এত মানুষ খবর নিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন যে, আমরা দুঃসময়ে অনেকখানি মনোবল পেয়েছি। প্রত্যেককে আমাদের ভালবাসা জানাই। আর, নানান ব্যস্ততার মধ্যেও মাননীয় মুখ্যমন্ত্রী বারেবারে আমার পরিস্থিতির খোঁজ করেছেন, তাঁর এই আন্তরিকতা ভোলবার নয়। তাঁর প্রতি আমাদের কৃতজ্ঞতা। পরিশেষে বলি, চিকিৎসকের নির্দেশে এখন কয়েকদিন গৃহবন্দি থাকতে হবে। তাই যে-সমস্ত অনুষ্ঠানে আমার উপস্থিত থাকার কথা ছিল, সেসব আয়োজনে পৌঁছতে আমি নেহাতই অপারগ। উদ্যোক্তাদের কাছে সে-বাবদ আগাম মার্জনা চেয়ে রাখলাম। ভাল থাকবেন সকলে।’

এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরে শোনা গিয়েছিল, গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শ্রীজাত। তবে পরে জানা যায়, তাঁর চোট গুরুতর নয়। তবে বাড়িতেই বিশ্রামে থাকতে হবে তাঁকে। শ্রীজাতর দুর্ঘটনার খবর পেয়ে তাঁর খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও।

(Feed Source: abplive.com)