অটোর ভাড়া বাড়লে কী উপায়? কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

অটোর ভাড়া বাড়লে কী উপায়? কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গণপরিবহণ (Public Transport) হল যে কোনও দেশের মেরুদন্ডের মতো। বাচ্চাদের স্কুল হোক বা বড়দের অফিস, যে কোনও জায়গায় যেতে বাস বা অটোর উপর নির্ভর করেন অনেক মানুষ। আর গ্যাসের দাম বাড়ায় সমস্যা তৈরি হতে পারে অটোতে পরিবহনের ক্ষেত্রে। কারণ, খরচ বাড়লে অবধারিত ভাবেই বাড়বে অটোর ভাড়াও (Auto Fare)। এ ছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় এমন অবস্থা তৈরি হলে বন্ধও হয়ে যেতে পারে অটোও। আর এমন যদি হয় তাহলে সত্যিই ভোগান্তি বাড়বে রাজ্যের সাধারণ মানুষের। তাহলে কী উপায়?

এবিপি আনন্দের সম্পাদক সুমন দে-এর প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “যাঁরা গ্যাসে অটো চালান, সাপ্লাই না থাকলে তাঁরা অটো চালাবেন কোথা থেকে? রেস্তোরাঁয় (Restaurant) যদি সাপ্লাই না থাকে তাহলে তো বেকার হয়ে যাবে অনেক ছেলে মেয়ে। গ্যাস সাপ্লাই না থাকলে তারা চালাবে কী করে?”

এই প্রসঙ্গে কথা বলতে বলতে মুখ্যমন্ত্রী গলায় শোনা যায় পরিকল্পনার কথা। “আলোচনা করে সরকারের বিবৃতি দেওয়া দরকার যে ভান্ডারে কতটা গ্যাস মজুত রয়েছে। এবং এই গ্যাসের ভাণ্ডার মানুষের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে”, কথা প্রসঙ্গে এবিপি আনন্দের সম্পাদক সুমন দে-কে জানান মুখ্যমন্ত্রী।

সংসদে সরকারের জবাব দেওয়ার কথাও এদিন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও কেন্দ্রের সরকারের অল্টারনেটিভ প্ল্যান অফ অ্যাকশন কী হবে, তা নিয়ে এদিন প্রশ্নও তুলে দেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, “আমি কোনও মিটিং চাইছি না। এই মিটিংয়ের কোনও ভ্যালু নেই।” মুখ্যমন্ত্রী জানান, মিটিংয়ের বদলে তিনি স্পষ্ট পরিকল্পনা চাইছেন। সাধারণ মানুষের জন্য গ্যাসের সাপ্লাই যাতে বন্ধ না হয় সেই জন্য কী পদক্ষেপ করছে কেন্দ্র, তা জানতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

“দেখুন মানি এখানে ফ্যাক্টর নয়। প্রয়োজনে মানুষকে আমরা সাবসিডি দিতে পারি। কিন্তু সাপ্লাই না থাকলে সাবসিডিটা দেব কোথায়?” এদিন বলেন মুখ্যমন্ত্রী। তিনি কথায় কথায় জোর দেন এলপিজির সাপ্লাই চেনের উপর। কোথা থেকে এখন গ্যাস পাওয়া যেতে পারে, সেটাও এখন জানা দরকার, বলেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের উত্তেজনার আঁচ এবার এসে পড়েছে মধ্যবিত্তের হেঁশেল থেকে রাস্তার অটোতে। কলকাতা থেকে জেলা, LPG নিয়ে বাড়ছে উদ্বেগ। অনেক ক্ষেত্রেই মিলছে না গ্যাস। এই পরিস্থিতিতে আগামিকাল জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

(Feed Source: abplive.com)