PM Modi On LPG Crisis: দেশে এলপিজি সিলিন্ডার নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে কিছু ব্যক্তি, এমনটাই অভিযোগ আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি৷
‘এলপিজি নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে’! রান্নার গ্যাস নিয়ে এবার মুখ খুললেন মোদি, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি: রান্নার গ্যাসের পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি অভিযোগ করেন, দেশে এলপিজি পরিস্থিতি নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে মানুষ৷ প্রধানমন্ত্রী বলেন, যারা এই কাজ করছে তারা কেবল নিজেদেরই উন্মোচিত করছে না তা নয়, দেশেরও ক্ষতি করছে৷ তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার NXT সামিটে বক্তব্য রাখতে গিয়ে দেশের এলপিজি পরিস্থিতিতে গুরুতর অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী৷ পাশাপাশি এলপিজি সিলিন্ডারের কালোবাজারি নিয়েও এদিন বড় বার্তা দেন তিনি৷ রাজনীতির উর্ধ্বে এই সঙ্কটের মোবাকবিল করার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
মোদী বলেন, ‘‘কিছু মানুষ এলপিজি নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন। আমি কোনও রাজনৈতিক মন্তব্য করতে চাই না। শুধু বলব, তাঁরা জনগণের সামনে নিজেদের উন্মোচিত করে ফেলছেন এবং সার্বিক ভাবে দেশের ক্ষতি করছেন।’’ এরপরেই কালোবাজারিদের উল্লেখ্য করে তিনি বলেন, ‘‘কালোবাজারি এবং মজুতদারদের নিয়ন্ত্রণ করতে রাজ্যগুলিকে পদক্ষেপ করতে হবে। আমি অনুরোধ করছি, আপনারা নজরদারি বৃদ্ধি করুন।’’
এছাড়াও তিনি বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতজনিত বর্তমান সংকট মোকাবিলায় দেশের প্রতিটি মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, রাজনৈতিক দল, সংবাদমাধ্যম, যুব সমাজ, শহর বা গ্রাম সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিভিন্ন বৈশ্বিক সঙ্কটের মাঝেও বিশ্বের নেতারা ও বিশেষজ্ঞরা ভারতের দিকে বড় আশা নিয়ে তাকিয়ে আছেন বলেও উল্লেখ করেন তিনি। এতে ভারতের দায়িত্বও বেড়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আজ গোটা বিশ্ব জানে, ভবিষ্যতের অংশ হতে চাইলে ভারতের সঙ্গে যুক্ত থাকতে হবে।” প্রধানমন্ত্রী আরও বলেন, “আমাদের একটাই লক্ষ্য—একটি উন্নত ভারত গড়ে তোলা। ভারত শুধু এগোচ্ছে না, বরং পরবর্তী স্তরে উঠে যাচ্ছে।” তিনি বলেন, বিশ্ব বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তবে ভারত দ্রুত এবং স্থির গতিতে এগিয়ে চলেছে। মোদি আরও বলেন, “বিশ্বের অনেক নেতা বলছেন, ভারত ধীরে ধীরে গোটা বিশ্বের ‘সেন্টার অব গ্র্যাভিটি’ হয়ে উঠছে।”
L(Feed Source: news18.com)