জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৮ মার্চ থেকে শুরু আইপিএল ২০২৬ (IPL 2026)। প্রথম ২০ ম্যাচের সূচি ঘোষণাও করে দিয়েছে বিসিসিআই (BCCI)। কিন্তু এখন প্রশ্ন- আদৌ লিগ হবে তো? এবার ভয়াবহ ইরান-ইসরায়েল যুদ্ধের(Iran-Israel War) আঁচ এসে পড়ল আইপিএলে। দুবাই এবং দোহার মতো গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টগুলির আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার পর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার মতো বেশ কয়েকটি বিশ্বকাপ দলের ভ্রমণ পরিকল্পনা বিপর্যস্ত হয়ে পড়ে। ট্রাভেল আইটিনারি ঘেঁটে যাওয়ার মূল্য আইপিএলকেও চোকাতে হবে। যে কারণেই রাতারাতি রক্তচাপ বাড়ল বিসিসিআইয়ের।
আন্তর্জাতিক ভ্রমণ ব্যাহত
বিসিসিআই জানিয়ে দিয়েছে যে, তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পরই পূর্ণাঙ্গ আইপিএল সূচি ঘোষণা করা হবে। সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট বলছে, রাজ্য নির্বাচনের পাশাপাশি পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সংঘাতও বিসিসিআইকে ভাবাচ্ছে। এই যুদ্ধ আন্তর্জাতিক ভ্রমণকে ব্যাহত করেছে, দোহা এবং দুবাইয়ের মতো প্রধান বিমানবন্দরগুলির কার্যক্রম ব্যাপক ভাবে সীমাবদ্ধ হয়েছে। দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের কিছু স্কোয়াড সদস্য তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার এক সপ্তাহ পরেও দেশে ফিরতে পারেননি। এখন প্রশ্ন এই দুই দেশের খেলোয়াড়রা আইপিএল খেলতে ফের ভারতে সময়মতো রিপোর্ট করতে পারবে তো!
কী বলছে বিসিসিআই?
‘ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের যাত্রায় যথেষ্ট বিলম্ব হয়েছে। তাদের সময়মতো ভারতে ফিরিয়ে আনা কিন্তু কঠিন কাজ হবে। তাছাড়া পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে বিমান ভাড়াও উল্লেখযোগ্য ভাবে বেড়ে গিয়েছে।’ বোর্ডের এক কর্তা পিটিআইকে জানিয়েছেন। এছাড়াও ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে দেশ জুড়ে হোটেলগুলি রান্নার গ্যাসের ভয়াবহ ঘাটতির মুখে পড়েছে।কেন্দ্রীয় সরকার ঘরোয়া রান্নার গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পণ্য আইন প্রয়োগ করেছে। চেন্নাই সুপার কিংসের সিইও কাসি বিশ্বনাথন আবার পিটিআইকে বলেছেন যে, তিনি আশা করছেন যে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা (আকিল হোসেন এবং ডেওয়াল্ড ব্রেভিস) তাদের আইপিএল উদ্বোধনীর অনেক আগেই দলে যোগ দেবেন। বিশ্বনাথন বলেন, ‘তাঁরা দেরি করবে না বলেই আমরা আশাবাদী’।
সবচেয়ে বড় আইপিএল
২৮ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সন্ধে ৭টা ৩০ মিনিটে খেলা শুরু হবে। ২৯ মার্চ রবিবার রয়েছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ। অ্যাওয়ে ম্যাচ দিয়েই কলকাতার অভিযান শুরু হচ্ছে। এবারের আইপিএলই ইতিহাসের সবচেয়ে বড় আইপিএল। কারণ ৭৪-এর বদলে এবার সূচিতে ৮৪ ম্যাচ!
(Feed Source: zeenews.com)
