জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বজয়ের সেলিব্রেশনের রেশ এখনও কাটেনি ভারতীয় দলের। আর তার মধ্যেই সূর্যকুমার যাদবরা প্রিয় সতীর্থর বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়লেন। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই টিম ইন্ডিয়ার স্টার স্পিনার কুলদীপ যাদব ( Kuldeep Yadav’s Wedding Details) তাঁর জীবনের নতুন ইনিংস শুরু করবেন।
মুসৌরীতে চারহাত এক হচ্ছে
১৪ মার্চ শনিবার, আগামীকাল উত্তরাখণ্ডের জনপ্রিয় শৈলশহর ও দেশের বিখ্যাত পর্যটনকেন্দ্র মুসৌরীতে কুলদীপ বিয়ে করছেন ছোটবেলার বান্ধবী বংশিকাকে। বাগদানের পর্ব আগেই সারা হয়ে গিয়েছে তাঁদের। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে চলতি মাসেই আইপিএল (IPL 2026) খেলতে নামবেন কুলদীপ। তাই বিশ্বকাপ ও আইপিএলের মাঝের ব্রেকটা কাজে লাগিয়েই শুভকাজ সেরে নিচ্ছেন কুলদীপ।
মহারথীরাই কুলদীপের বিয়ে
সংবাদসংস্থা পিটিআইয়ের রিপোর্ট বলছে পাহাড়ের কোলে কুলদীপের জীবনের বিশেষ মুহূর্তে, সাক্ষী থাকতে আসছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রীত বুমরার মতো দেশের এলিট ক্রিকেটাররা। বিয়ের আমন্ত্রিতদের তালিকায় সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, তিলক ভার্মাদের সঙ্গেই রয়েছেন কিংবদন্তি সুনীল গাভাসকর। মুসৌরির বিখ্যাত ওয়েলকামহোটেল দ্য স্যাভয় মুসৌরিতে বিয়ের প্রস্তুতি ইতোমধ্যেই তুঙ্গে। আইটিসি গ্রুপের এই হোটেলের পুরোটাই কিন্তু বুক করেছেন কুলদীপ। আগামী দু’-তিন দিন এখানে কুলদীপের অতিথি ছাড়া আর কারোর এন্ট্রি নেই।
চলে এসেছেন চাহাল
কুলদীপের পার্টনার যুজবেন্দ্র চাহাল একদিন আগেই চলে এসেছেন এখানে। তিনি সংবাদসংস্থা এএনআই-কে বলেছেন, ‘আমি আমার ভাইয়ের বিয়ে নিয়ে খুবই উচ্ছ্বসিত। আমি প্রচুর নাচব এবং আনন্দ করব। কুলদীপের বাব রাম সিং যাদব, গত সপ্তাহে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ করে, ব্যক্তিগত ভাবে তাঁকে বিয়ের নিমন্ত্রণ জানিয়েছেন।
কী করেন বংশিকা?
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেই ছিল কুলদীপের ফোকাস। তাই গতবছর নভেম্বরে বিয়ে করার কথা থাকলেও তা তিনি পিছিয়ে দিয়েছিলেন। বিশ্বকাপে যদিও কুলদীপ শুধু পাকিস্তানের বিরুদ্ধেই গ্রুপ পর্বের ম্যাচে খেলেছিলেন। ১৪ রান দিয়ে ১ উইকেট পেয়েছিলেন। কানপুরের বাসিন্দা কুলদীপ-বংশিকা। মাত্র ৩ কিলোমিটার দূরত্বে বেড়ে ওঠা তাঁদের। গত বছর লখনউয়ের এক হোটেলে বাগদান সেরেছিলেন। বংশিকা বর্তমানে এলআইসি-র প্রশাসনিক পদে আছেন। যদিও তিনি কোনও বিশিষ্ট ব্যক্তিত্ব নন এবং রিপোর্ট অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো উপস্থিতি নেই তাঁর।
রাশার সঙ্গে কুলদীপের সম্পর্ক
রবিনা টন্ডনের মেয়ে রাশা থডানীর সঙ্গে কুলদীপের সম্পর্ক নিয়ে বছর দুয়েক আগে বিস্তর চর্চা হয়েছিল। জানা গিয়েছিল তাঁরা নাকি গোপনেই ডেটিং করছিলেন। রাশা-কুলদীপের সম্পর্ক নেটপাড়াই সবার আগে ধরে ফেলেছিল। কারণ রবিনা-কন্যা ইনস্টা পোস্টে থাকত কুলদীপের লাইক। তবে চায়নম্যান স্পিনার বা অভিনেত্রী কেউই কখনও তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
(Feed Source: zeenews.com)
