বেঞ্জামিন নেতানিয়াহু কোথায়? AI ভিডিও নয় তো? ছ’নম্বর আঙুল দেখে প্রশ্ন, আসলে কী ঘটেছে?

বেঞ্জামিন নেতানিয়াহু কোথায়? AI ভিডিও নয় তো? ছ’নম্বর আঙুল দেখে প্রশ্ন, আসলে কী ঘটেছে?
নয়াদিল্লি: পাঁচটির পরিবর্তে ছয়টি আঙুল হাতে। রাতারাতি পরিবর্তন চোখে পড়ল। কিন্তু রাতারাতি হাতে আঙুল গজায় কি? ছবি সামনে আসতেই বিতর্ক। আর তাতেই ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্বাস্থ্য নিয়ে জোর গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়। নেতানিয়াহু-র ওই ছবি কি AI দিয়ে তৈরি? ইরানের সঙ্গে যুদ্ধের আবহে নেতানিয়াহু এখন কোথায়? প্রশ্ন তুলছেন অনেকেই। (Benjamin Netanyahu Six Fingers Video)

সম্প্রতি প্রকাশিত নেতানিয়াহুর একটি ভিডিও-বার্তা ঘিরে বিতর্কের সূচনা। ভিডিও-তে কথা বলতে বলতে হাত তুলতে দেখা যায় নেতানিয়াহুকে। সেই সময় তাঁর হাতে পাঁচটির পরিবর্তে ছয়টি আঙুল রয়েছে বলে ঠাহর হয়। ভিডিও-র ওই অংশটি এবং সেই অংশের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সত্যি সত্যি নেতানিয়াহুর ভিডিও-বার্তা, না কি AI ভিডিও ছেড়ে দেওয়া হয়েছে, প্রশ্ন উঠতে শুরু করে। 

নেতানিয়াহুর হাতে পাঁচটির বেশি আঙুল রয়েছে বলে কখনও জানা যায়নি, তেমনটা চোখেও পড়েনি এযাবৎ। ফলে জল্পনা জোর পেতে সময় লাগেনি। যদিও বিশেষজ্ঞদের মতে, গোটাটাই দৃষ্টিবিভ্রম। হাত নেড়ে কথা বলার সময় কড়ে আঙুলের পাশের অংশ ফুলে ওঠে। সেটিকেই অনেকে আঙুল বলে ভুল করছেন বলে মত বিশেষজ্ঞদের। 

নেতানিয়াহুর স্বাস্থ্য এবং তাঁর নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে সোশ্যাল মিডিয়ায়। যদিও ইলন মাস্কের AI সহযোগী Grok জানায়, নেতানিয়াহু নিরাপদ রয়েছেন। সাংবাদিক বৈঠকের একটি ভিডিওও পোস্ট করেন তিনি। এই মুহূর্তে যুদ্ধ নিয়ে ব্যস্ত রয়েছেন। নেতানিয়াহু এবং তাঁর পরিবারের উপর হামলার যে খবর মিলছে, তাও ভুয়ো বলে জানায় Grok. 

কিন্তু হঠাৎ করে নেতানিয়াহুর নিরাপত্তা নিয়ে প্রশ্নই বা উঠছে কেন? বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের আবহে প্রতি মুহূর্তের খবর পেতে আগ্রহী সাধারণ মানুষ। বর্তমান পরিস্থিতিতে রানের মোজতবা খামেনেই এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে বিবৃতি, পাল্টা বিবৃতি উঠে এলেও, নেতানিয়াহুকে তেমন দেখা যাচ্ছে না। পাশাপাশি, ইরানের তরফে ইজ়রায়েলের হামলার তীব্রতা বাড়ানো হয়েছে বলে খবর উঠে আসছে। তাতেই কৌতূহল বেড়েছে। 

যুদ্ধ পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের খবর উঠে আসতে থাকে। চোখ বন্ধ করে সব বিশ্বাস করার পরিবর্তে, সরকারি ঘোষণার জন্য় অপেক্ষা করা ভাল বলে মনে মত বিশেষজ্ঞদের। কারণ নেতানিয়াহুকে নিয়ে এমন বেশ কিছু খবর এবং ছবি আগেই সামনে এসেছে। পড়ে জানা যায়, সেগুলি ভুয়ো।

(Feed Source: abplive.com)