Silajit Majumder Insulted by Police: ‘নোংরা ইশারায় গান থামানোর ইঙ্গিত’, সেন্ট্রাল পার্কে শিলাজিৎকে মঞ্চ থেকে নামিয়ে দিল পুলিস?

Silajit Majumder Insulted by Police: ‘নোংরা ইশারায় গান থামানোর ইঙ্গিত’, সেন্ট্রাল পার্কে শিলাজিৎকে মঞ্চ থেকে নামিয়ে দিল পুলিস?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কৃষ্ণনগর সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে শুক্রবার রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলেন কয়েক হাজার মানুষ। মঞ্চে তখন নিজের চেনা মেজাজে গান গাইছেন জনপ্রিয় শিল্পী শিলাজিৎ মজুমদার। কিন্তু অনুষ্ঠানের অন্তিম লগ্নে পুলিসের ‘অভব্য’ আচরণ এবং ‘কুরুচিকর’ ইঙ্গিতের জেরে চূড়ান্ত অপমানিত হয়ে মঞ্চ ছাড়তে বাধ্য হলেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে উত্তাল রাজ্যের শিল্পীমহল ও সামাজিক মাধ্যম।

জানা গিয়েছে, শিলাজিতের অনুষ্ঠান চলার কথা ছিল রাত ১১টা পর্যন্ত। কিন্তু অভিযোগ, ঘড়ির কাঁটায় তখন রাত ১০টা ৫৮ মিনিট— অর্থাৎ নির্ধারিত সময়ের তখনও দু’মিনিট বাকি। ঠিক সেই মুহূর্তেই মেলা প্রাঙ্গণে উদয় হয় পুলিস বাহিনী। শিলাজিতের দাবি, পুলিস অত্যন্ত অভদ্রভাবে এবং নোংরা ইশারা করে তাঁকে গান থামানোর ইঙ্গিত দেয়। ভরা মঞ্চে একজন প্রবীণ শিল্পীর প্রতি পুলিসের এই ‘দাদাগিরি’ দেখে নিজেকে ধরে রাখতে পারেননি তিনি।

পুলিশের আচরণে স্তম্ভিত শিলাজিৎ মাইক হাতেই পাল্টা তোপ দাগেন। তিনি সরাসরি পুলিস আধিকারিককে উদ্দেশ্য করে বলেন, “১১টা বাজতে এখনও দু’মিনিট বাকি। আপনাদের এর থেকে অনেক বেশি আওয়াজ সহ্য করতে হয়। এভাবে আমাকে অসম্মান করতে পারেন না।” ক্ষোভ ও অভিমানে গান অসম্পূর্ণ রেখেই মঞ্চ ছাড়ার সিদ্ধান্ত নেন শিল্পী।

মঞ্চ থেকে নামার সময় পুলিসের উদ্দেশে শিলাজিতের করা মন্তব্য এখন নেটপাড়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “স্যার, আপনি আমাকে না চিনলেও পশ্চিমবঙ্গের মানুষ আমায় ৩২ বছর ধরে চেনে। আজ একজন শিল্পীকে বাজে ইশারা করে নামিয়ে দিচ্ছেন, ভোটের সময় রাজনৈতিক দলগুলোর শো কীভাবে আটকান, তা আমি দেখব।”

উল্লেখ্য, কৃষ্ণনগরে গান গাইতে এসে এর আগেও অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছিলেন শিলাজিৎ। বারবার একই শহরে কেন এমন হেনস্থার শিকার হতে হচ্ছে শিল্পীকে, তা নিয়ে প্রশ্ন উঠছে। সময় রক্ষার দোহাই দিয়ে জনসমক্ষে একজন শিল্পীকে কুরুচিকর ইঙ্গিত করার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। প্রশ্ন উঠছে, আইনের দোহাই কি শুধু অরাজনৈতিক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যই?

(Feed Source: zeenews.com)