জন্মদিনে খাওয়ানোর আবদার? খাওয়াব আমি, বিল মেটাবে রণজয়, জবাব অম্বরীশের

জন্মদিনে খাওয়ানোর আবদার? খাওয়াব আমি, বিল মেটাবে রণজয়, জবাব অম্বরীশের

কলকাতা: জন্মদিনে গুরুতর অভিযোগ অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যের (Ambarish Bhattacharya) বিরুদ্ধে। তিনি নাকি জন্মদিনের পরেই পালিয়ে যান! তাই প্রত্যেকবার জন্মদিনে মিস হয়ে যায় খাওয়া! গুরুতর এই অভিযোগ আরেক অভিনেতার। রণজয় বিষ্ণুর (Ranojoy Bishnu)। দীর্ঘদিন ধরে অম্বরীশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্ব। বিভিন্ন চরিত্রে তাঁরা একসঙ্গে নজর কেড়েছেন, একসঙ্গে কাজ করেছেন বড়পর্দাতেও। বন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়েই এই গুরুতর অভিযোগ করেছেন রণজয়। সব শুনে, এবিপি লাইভ বাংলার (ABP Live Bangla)-র মাত্রমে, প্রিয় বন্ধুকে কী বার্তা বার্থ ডে বয়ের?

আজ সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে একাধিক ছবি পোস্ট করে রণজয় লিখেছেন, ‘শুভ জন্মদিন ভাই। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভালবাসা এবং আলিঙ্গন। তুই অনেক ভাল থাক, সুস্থ থাক, আরও অনেক ভাল ভাল কাজ কর। আর তুই জানিস যে, যখনই তোর কোন ভাল কাজ দেখি ,কতটা খুশি আমি হই ,খুব ভালোবাসি তোকে। দেখতে দেখতে বন্ধুত্বের বারোটা বছর কেটে গেল। তোর শিল্পী সত্তার তরোয়ালের আরও বেশি করে শান ধরুক। তোর সুমধুর গলায় সরস্বতী বিরাজমান থাকুক আজীবন। এই বারে আসল কথায় আসি… অনেকদিন হল। অনেকগুলো বছর হল, এবার জন্মদিনের খাওয়াটা খাওয়া।। জন্মদিনের পরই পালিয়ে যাওয়াটা বন্ধ কর ,বন্ধুদেরকে ডেকে খাওয়া। তোকে ভালবাসি।’

অম্বরীশকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, বন্ধু রণজয় বিষ্ণু। সঙ্গে অভিযোগ ও করেছেন, অম্বরীশ নাকি জন্মদিনে খাওয়াতে চান না! জন্মদিনে নাকি পালান? শুনেই হেসে অম্বরীশ বললেন, ‘রণজয় একদম সত্যি কথা বলেছে। ওর অভিযোগ আমি মাথা পেতে নিচ্ছি। রণজয় আমায় বহুবার খাইয়েছে। অনেক পার্টিতে, অনেক জায়গায় নিমন্ত্রণ জানিয়েছে। কিন্তু সত্যিই ওকে আমার কখনও সেভাবে খাওয়ানো হয়নি। কিপটেমির জন্য নয়, আমার উদাসীনতার জন্যই কখনও হয়ে ওঠেনি। আগামী ২২ তারিখ রণজয়ের জন্মদিন, ও আমার বহু বছরের বন্ধু। যথারীতি ও আমায় নিমন্ত্রণ করেছে। কিন্তু আমার শহরের বাইরে একটা শ্যুটিং রয়েছে, ফলে যেতে পারব না। গত বছর ও যেতে পারিনি। কিন্তু এই সাক্ষাৎকারের মধ্যে দিয়ে রণজয়কে কথা দিচ্ছি, ২২ তারিখ উপস্থিত থাকতে না পারলেও তার পরে যে কোনও একটা দিন, ওকে, ওর কাছের মানুষদের আর আমাদের ২ জনেরই কিছু বন্ধুরা রয়েছে, তাঁদের সবাইকে নিয়ে একটা পার্টি দিচ্ছি। হইচই হবে, খাওয়া দাওয়া হবে। তবে বিলটা রণজয়ই দেবে। ও তো শুধু আমায় খাওয়াতে হবে বলেছে… খাবারের পয়সা তো আমায় দিতে বলেনি…’

মুচকি হাসি বার্থ ডে বয়ের মুখে।

(Feed Source: abplive.com)