
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নয়াদিল্লিতে গত ১৫ মার্চ রবিবার বসেছিল বিসিসিআই নমন অ্যাওয়ার্ডসের ২০২৬ (BCCI Naman Awards 2026) আসর। দেশের রাজধানীতে অনুষ্ঠিত বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী আয়ুশ মাত্রের ভারতীয় দলকেও (U19 World Cup-Winning Indian team) সংবর্ধনা জানানো হয়েছে বোর্ডের তরফে। টিমের সঙ্গেই ছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের নায়ক ও ভারতীয় ক্রিকেটের ‘বিস্ময় বালক’ বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে কিছুদিনের মধ্যেই আইপিএল (IPL 2026) অভিযানে নামবে বৈভব। আর তার ঠিক আগেই ১৪ বছরের ‘বস বেবি’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন খোদ ‘ইউনিভার্স বস’ (Universe Boss) ক্রিস গেইলকে (Chris Gayle)! রণহুঙ্কার দিয়ে সে জানিয়েছে যে, বিগত ১২ বছরের অক্ষত আইপিএল রেকর্ড এবার ভেঙে দেবে সে!
বৈভবের এখন টার্গেট ১৭৫!
অনুষ্ঠানের ফাঁকে মঞ্চে সঞ্চালক হর্ষ ভোগলে, বৈভব ছাড়াও তিন সদ্য় বিশ্বকাপজয়ী- অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন ও হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে প্রশ্নোত্তর পর্ব সেরেছেন। বৈভবের কাছে হর্ষ জানতে চেয়েছিলেন, এক ওভারে ছ’টা ছয়, ক্রিস গেইলের ১৭৫ রানের আইপিএল রেকর্ড এবং দ্রুততম আইপিএল ১০০-র মধ্যে বৈভব কোন রেকর্ড ভাঙতে চাইবে? যা শুনে বৈভব বলে, ‘আমি গেইলের ১৭৫ রানের আইপিএল রেকর্ড ভাঙতে চাই।’
গেইলের অবিস্মরণীয় ইনিংস
২০১৩ সালের ২৩ এপ্রিল আইপিএলের ৩১ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও অ্যারন ফিঞ্চের পুণে ওয়ারিয়র্স (অধুনা বিলুপ্ত)। ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে বিরাটরা ব্যাটিং পেয়েছিলেন। তিলকরন্তে দিলশানের সঙ্গে ওপেন করতে নেমে গেইল ৬৬ বলে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। ১০২ মিনিটের ধ্বংসলীলায় ভুবনেশ্বর কুমার, ঈশ্বর পাণ্ডে, অশোক দিন্দা, মিচেল মার্শ ও আলি মুর্তাজাদের মতো বোলারদের পাড়ার বোলারে পরিণত করে গেইল ২৬৫.১৫-র স্ট্রাইক রেটে ব্যাট করে ১৩ চার ও ১৭ ছক্কা হাঁকিয়ে ছিলেন। গেইলের সেই ইনিংসই শুধুই আইপিএলের ইতিহাসে নয়, টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেও সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের নজির। সেদিন আরসিবি ৬ উইকেটে ২৬৩ রান তুলেছিল। জবাবে পুণে ৯ উইকেটে ১৩৩ রান তুলতে সমর্থ হয়েছিল। বিরাটরা জিতেছিলেন ১৩০ রানে!
বৈভবের আইপিএল অভিষেক
মাত্র ১৪ বছর বয়সেই আইপিএল ইতিহাস লিখেছে বৈভব। পুরুষদের টি–টোয়েন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে নিজের নাম তুলেছে সে। গতবছর আইপিএলে রাজস্থানের হয়ে হয়ে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জয়পুরে মাত্র ৩৮ বলে ১০১ রান করেছিল বৈভব। তার সেঞ্চুরি এসেছিল মাত্র ৩৫ বলেই যা আইপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরানের নজির। ৩০ বলে ১০০ করে শীর্ষ আছেন গেইল। পুণের বিরুদ্ধেই ছিল তাঁর সেই রেকর্ড! এর আগেই ওই মরসুমে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএলে অভিষেক হয়েছিল বৈভবের। চোটের কারণে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু খেলতে পারেননি। অভিষেক ম্যাচেই দারুণ আত্মবিশ্বাস দেখায় বৈভব। প্রথম বলেই শার্দূল ঠাকুরকে ছক্কা মেরে শুরু ইনিংস শুরু করা বৈভব ২০ বলে ৩৪ রান করেছিল। মাত্র ১৩ বছর বয়সে আইপিএল চুক্তি পাওয়া সবচেয়ে কম বয়সী ক্রিকেটার বৈভবই। রাজস্থান তাকে ১.১ কোটি টাকায় দলে নিয়েছে।
(Feed Source: zeenews.com)
