
Share Market Today : ধীরে ধীরে বদলাচ্ছে পরিস্থিতি। ভারতের শেয়ার বাজারের (Indian Stock Market) নেতিবাচক অবস্থা এবার কিছুটা হলেও বদলে গেছে। টানা ধসের থেকে ঘুরে দাঁড়িয়েছে বাজার (Stock Market Today)। মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজারে এক শক্তিশালী তেজি ভাব লক্ষ্য করা গেছে। টানা দ্বিতীয় দিনের মতো বড়সড় উত্থানের সাক্ষী থাকল দালাল স্ট্রিট (Dalal Street)। গ্লোবাল মার্কেটের ইতিবাচক সংকেত ও সস্তায় ভালো মানের শেয়ার কেনার সুযোগ কাজে লাগিয়ে বিনিয়োগকারীরা আজ বাজারে দাপট দেখিয়েছেন।
কী অবস্থা দেখা গেছে আজকের বাজারে
এদিন সেনসেক্স ৫৬৮ পয়েন্ট (০.৭৫%) বেড়ে ৭৬,০৭০.৮৪-এ বন্ধ হয়েছে। গত দুই দিনে সেনসেক্স সব মিলিয়ে ১,৫০০ পয়েন্টের বেশি লাফিয়েছে। যা স্বাভাবিকভাবেই স্বস্তি দিয়েছে বিনিয়োগকারীদের। পাশাপাশি নিফটি ৫০ ১৭২ পয়েন্ট (০.৭৪%) বেড়ে ২৩,৫৮১.১৫-এ স্থিতিশীল হয়েছে। যেদিকে নজর দিয়েছেন ইনভেস্টাররা।
কত আয় করেছে নিয়োগকারীরা : মাত্র দুই সেশনে বিনিয়োগকারীদের সম্পদ প্রায় ৩ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। বিএসই-র তালিকাভুক্ত সংস্থাগুলির মোট বাজার মূলধন এখন ৪৩৩ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
বাজার বৃদ্ধির প্রধান কারণগুলি কী কী ?
বাজার বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক পতনের পর বাজারে ‘শর্ট কভারিং’ বা লোকসান কমানোর তাগিদ থেকে কেনাকাটা বেড়েছে। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ হল:
১. ইতিবাচক বিশ্ব বাজার: আন্তর্জাতিক বাজারের ইতিবাচক হাওয়া আজ বিকেলের সেশনে ভারতীয় বাজারে তেজি ভাব নিয়ে আসে।
২. স্বল্প মূল্যে ভালো শেয়ার (Bargain Hunting): অটো, মেটাল এবং ফিন্যান্সিয়াল সেক্টরের মানসম্পন্ন শেয়ারগুলো সস্তায় পাওয়ায় দেশীয় বিনিয়োগকারীরা ঝাঁপিয়ে পড়েন।
৩. সেক্টরাল পারফরম্যান্স: আজ নিফটি মেটাল (২.৮২%), অটো (২.১১%) এবং রিয়েলটি (১.৮০%) সেক্টরে ব্যাপক বৃদ্ধি দেখা গেছে। তবে আইটি এবং এফএমসিজি সেক্টর কিছুটা পতনের মুখ দেখেছে।
এখনও আতঙ্ক ধরোচ্ছে ভূ-রাজনীতি ও ডলারের দাম
বাজার বাড়লেও বেশ কিছু ঝুঁকি এখনও রয়ে গেছে। ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে আমেরিকা-ইরান দ্বন্দ্ব ও ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির মৃত্যুর খবর বিনিয়োগকারীদের উদ্বেগে রেখেছে। এছাড়া অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের উপরে এবং টাকার দাম ডলার প্রতি ৯২.৩৮-এর রেকর্ড তলানিতে অবস্থান করছে।
ভবিষ্যতে কোন দিকে বাজার ?
কোটাক সিকিউরিটিজের শ্রীকান্ত চৌহান জানিয়েছেন, টেকনিক্যাল চার্টে নিফটি ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। যদি নিফটি ২৩,৩০০-২৩,৩৫০-এর সাপোর্ট ধরে রাখতে পারে, তবে এটি খুব শীঘ্রই ২৩,৮০০ থেকে ২৩,৯৫০ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, বাজার এখনও মাসিক ভিত্তিতে ৬% নীচে রয়েছে, তাই এই ঊর্ধ্বগতি স্থায়ী কি না তা এখনই বলা কঠিন।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
(Feed Source: abplive.com)
