
মুম্বই: হাতে আর ১০ দিন মাঝে। রাজ্যে বিধানসভা নির্বাচনের সঙ্গেই দামামা বেজে গিয়েছে আইপিএলেরও (IPL 2026)। কেকেআরের (KKR) সব ক্রিকেটাররা ইতিমধ্যেই শহরে এসে পৌঁছনো শুরু করে দিয়েছেন। অন্য়ান্য ফ্র্যাঞ্চাইজিও তাঁদের চূড়ান্ত প্রস্তুতিতে মগ্ন এই মহূর্তে। গত নিলাম থেকে অনেক নতুন মুখকে দলে নিয়েছে সব ফ্র্যাঞ্চাইজি। কিন্তু এর মধ্য়েই সব দলেরই চিন্তা বাড়িয়েছে তাঁদের তারকা ক্রিকেটারদের চোট আঘাত ও টুর্নামেন্টে খেলা নিয়ে অনিশ্চিয়তার খবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যেন হয়ে দাঁড়িয়েছে হসপিটাল প্রিমিয়ার লিগ। এক নজরে দেখে নেওয়া যাক ৫ তারকা ক্রিকেটারকে, যাঁরা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে সবচেয়ে বড় নাম আইপিএলের মঞ্চে এবার, যাঁদের পেছনে কোটি কোটি টাকা খরচ করেছে ফ্র্যাঞ্চাইজি —-
মাথিশা পাথিরানা: কলকাতা নাইট রাইডার্স গত নিলামের মঞ্চ থেকে শ্রীলঙ্কার এই পেসারকে দলে নিয়েছিল। চেন্নাই সুপার কিংসের জার্সিতে কয়েক মরশুমে খেলেছিলন। দেশের জার্সিতেও নজর কেড়েছেন। ডানহাতি পাথিরানার নিঁখুত ইয়র্কার, স্লোয়ারের সামনে নাস্তানাবুদ হয়েছেন বহু তাবড় তাবড় ব্যাটার। কেকেআর ১৮ কোটি টাকায় পাথিরানাকে দলে নিয়েছিল। চোটের জন্য় টুর্নামেন্টের শুরুতে থাকছেন না পাথিরানা। এপ্রিলের মাঝামাঝি দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি।
হর্ষিত রানা: কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ২০২৪ আইপিএল জয়ের অভিজ্ঞতা রয়েছে। গত ২ বছরে দেশের জার্সিতে সব ফর্ম্য়াটেই এই তরুণ পেসার খেলছেন, নিজের জাতও চেনাচ্ছেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় স্কোয়াডে ছিলেন। টুর্নামেন্ট শুরুর আগে আচমকাই চোট পেয়ে ছিটকে যান। ১৩ কোটি টাকার হর্ষিত হাঁটুর চোটের জন্য় পুরো টুর্নামেন্ট থেকেই হয়ত ছিটকে গিয়েছেন।
প্যাট কামিন্স: সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। অগাধ অভিজ্ঞতা। অজি পেসারের জন্য ২০ কোটি টাকা খরচ করেছে সানরাইজার্স। কিন্তু আসন্ন আইপিএলে তিনিও চোটের জন্য় অনিশ্চিত। হয়ত ঈশান কিষাণ তাঁর পরিবর্তে নেতৃত্বভার সামলাবেন।
জশ হ্যাজেলউড: গত মরশুমে আরসিবির ট্রফি জয়ের অন্য়তম কারিগর ছিলেন জশ হ্যাজেলউড। ১২.৫০ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছিল আরসিবি। পেস বোলিংয়ের স্তম্ভ ছিলেন জশ। তবে হ্যামস্ট্রিংয়ের চোট তাঁকেও সমস্যায় ফেলেছে। আইপিএলে প্রথমদিকে খেলতে পারবেন না জশও।
ওয়ানিন্দু হাসারাঙ্গা: লখনউ সুপারজায়ান্টস গত নিলাম থেকে ২ কোটি টাকা খরচ করে দলে নিয়েছিল ওয়ানিন্দু হাসারঙ্গাকে। শ্রীলঙ্কার এই স্পিনার অলরাউন্ডার গত টি-টোয়েন্ট বিশ্বকাপের সময় চোট পান। যার জন্য আইপিএল থেকে পুরো হয়ত ছিটকে গিয়েছেন।
(Feed Source: abplive.com)
