জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এমন কিছু চরিত্র রয়েছে যারা ইতিহাসের পাতায় যতটা উজ্জ্বল, সাধারণ মানুষের স্মৃতিতে ততটাই রহস্যময়। এমনই এক বিপ্লবী অনন্ত সিংহ। তাঁর জীবনের রোমহর্ষক ও বিতর্কিত অধ্যায় এবার সেলুলয়েডের পর্দায় জীবন্ত করতে চলেছেন টলিউড সুপারস্টার জিৎ। ছবির নাম— ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’, পরিচালনায় পথিকৃত বসু। সম্প্রতি এই ছবির টিজার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেতা লিখেছেন, “শাসকের হাতে যখন লেগে থাকে নিরীহ মানুষের রক্ত, বিপ্লবী তখন নিজেই হয়ে ওঠে বিপ্লব। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত অনন্ত সিংহের এ জীবনকাহিনী সেই বিপ্লবেরই আরেক নাম।”
ছবির কাহিনি আবর্তিত হয়েছে মূলত ১৯৬০-এর দশকের প্রেক্ষাপটে। তবে গল্পের বুনন তৈরি হয়েছে ফ্ল্যাশব্যাকে। যেখানে দর্শক দেখতে পাবেন মাস্টারদা সূর্য সেনের প্রিয় পাত্র এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংহের তেজস্বী যৌবন। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর এক চরম মোহভঙ্গ ঘটে তাঁর। যে সাম্য আর স্বাধীনতার স্বপ্ন দেখে তাঁরা লড়াই করেছিলেন, স্বাধীন ভারতে দুর্নীতি আর শোষণের ভিড়ে তা ফিকে হয়ে যেতে দেখেন অনন্ত।
সাধারণ মানুষের প্রতি এই অবিচার দেখে তিনি বেছে নেন এক চরম পথ। বঞ্চিতদের মুখে হাসি ফোটাতে এবং ক্ষমতাশালীদের দর্প চূর্ণ করতে তিনি শুরু করেন ব্যাংক ডাকাতি। ফলে সমাজের চোখে তিনি হয়ে ওঠেন ‘ডাকাত’, কিন্তু শোষিত মানুষের কাছে থেকে যান সেই চিরকালীন ‘বিপ্লবী’।
ছবির অন্যতম আকর্ষণীয় দিক হতে চলেছে ইন্সপেক্টর দেবী রায়ের সঙ্গে অনন্ত সিংহের সেই বিখ্যাত ইঁদুর-বেড়াল দৌড়। দক্ষ পুলিশ অফিসার দেবী রায় অনন্তকে ধরার জন্য জাল বুনলেও, তাঁর তুখোড় পরিকল্পনা আর সামরিক কৌশলের কাছে বারবার হার মানতে হয় প্রশাসনকে। জিতের এই ছবিতে একদিকে যেমন টানটান উত্তেজনা থাকবে, তেমনই থাকবে সহযোদ্ধাদের হারানোর যন্ত্রণা এবং এক বুক হাহাকার। দেবী রায়ের চরিত্রে অভিনয় করছেন টোটা রায়চৌধুরী।
গত বছর স্বাধীনতা দিবসের দিন এই ছবির এক ঝলক সামনে এনেছিলেন জিৎ। সেখানে স্পষ্ট ছিল যে চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে কোনও খামতি রাখছেন না তিনি। অভিনেতা এই ছবির জন্য বিশেষ প্রস্থেটিক মেকআপ ব্যবহার করছেন, যার দায়িত্বে রয়েছেন টলিউডের প্রখ্যাত মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু। জিতের এই ভোলবদল ইতিমধ্যেই টলিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।
জিৎ প্রশ্ন তুলেছেন বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা নিয়েও। তাঁর কথায়, “যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন বিপ্লবী অনন্ত সিংহ, এ দেশের বুকে আজও কি বেঁচে আছে সেই স্বপ্ন?” ছবিটি কেবল একটি জীবনকাহিনী নয়, বরং ন্যায় এবং অন্যায়ের মাঝখানের সেই ধূসর রেখাটি নিয়ে প্রশ্ন তুলবে যা দর্শকদের ভাবাতে বাধ্য করবে।
(Feed Source: zeenews.com)
