BJP Candidate List 2026: বিয়ে বিতর্ক সঙ্গী করেই শ্যামপুরে প্রার্থী হিরণ, লাভলীকে টক্কর দেবেন রূপা

BJP Candidate List 2026: বিয়ে বিতর্ক সঙ্গী করেই শ্যামপুরে প্রার্থী হিরণ, লাভলীকে টক্কর দেবেন রূপা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যক্তিগত জীবন নিয়ে চলা আইনি টানাপড়েন এবং ‘অবৈধ বিয়ে’র অভিযোগ— কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াল না অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক যাত্রায়। ২০২৬ বিধানসভা নির্বাচনে খড়গপুর সদরের বিদায়ী বিধায়ককে এবার হাওড়ার শ্যামপুর থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। উলুবেড়িয়ার ছেলে হিরণকে তাঁর নিজের জেলাতেই বড় দায়িত্ব দিল গেরুয়া শিবির। হিরণ ছাড়াও বিজেপির দ্বিতীয় তালিকায় জায়গা করে নিলেন বেশ কয়েকজন তারকা প্রার্থী।

মনোনয়ন পাওয়ার পর হিরণের আত্মবিশ্বাস তুঙ্গে। জি ২৪ ঘণ্টাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যাবতীয় বিতর্কের উত্তর তিনি দেবেন ভোটের ফলের দিন। তাঁর কথায়, “৪ মে, যেদিন পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন হবে, সেদিন আমি শুভেচ্ছা গ্রহণ করব। সেদিনই সব লড়াইয়ের আর সব প্রশ্নের উত্তর দেব।” মোদীজির সুশাসনকে বাংলার বুকে প্রতিষ্ঠিত করাই তাঁর প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। হিরণ বলেন,  ‘মোদীজির সুশাসন বাংলায় প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। কে কোথা থেকে দাঁড়াল, সেটা গুরুত্বপূর্ণ নয়’।

নারীশক্তিতে শাণ দিচ্ছে বিজেপি। শুধু হিরণ নন, বিজেপির এই তালিকায় গ্ল্যামার ও অভিজ্ঞতার মেলবন্ধন লক্ষ্য করা গেছে। কলকাতা ও সংলগ্ন এলাকাগুলোতে মহিলা প্রার্থীদের ওপর বিশেষ ভরসা রেখেছে দল। টালিগঞ্জে প্রার্থী হতে চলেছেন বর্ষীয়ান অভিনেত্রী পাপিয়া অধিকারী। যাদবপুর থেকে লড়বেন শর্বরী মুখোপাধ্যায়।

সোনারপুর দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রার্থী প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। দীর্ঘ বিরতির পর আবারও সক্রিয় নির্বাচনী রাজনীতিতে ফিরলেন রূপা। রাজ্যসভার সাংসদ হিসেবে তাঁর অভিজ্ঞতা এবং বাগ্মিতা বিজেপির বড় শক্তি। সোনারপুর দক্ষিণে বিজেপিকে জেতাতে তাঁর ‘পপুলারিটি’ এবং আভিজাত্যকে ঢাল করছে গেরুয়া শিবির।

২০২৬-এর বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র সোনারপুর দক্ষিণ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তৃণমূল কংগ্রেস তাদের বিদায়ী বিধায়ক তথা অভিনেত্রী লাভলী মৈত্রের ওপর পুনরায় ভরসা রাখলেও, বিজেপি এখানে মাস্টারস্ট্রোক দিল প্রাক্তন রাজ্যসভা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করে। ফলে পর্দার দুই পরিচিত মুখের রাজনৈতিক লড়াই এখন রাজনীতির ময়দানে সবথেকে বড় আকর্ষণ।

(Feed Source: zeenews.com)