Iran hits Ras Laffan: বিশ্বের বৃহত্তম গ্যাস উৎপাদন কেন্দ্র রাস লাফানে ইরান মিসাইল দাগতেই গ্যাসের দাম বাড়ল ৩৫%

Iran hits Ras Laffan: বিশ্বের বৃহত্তম গ্যাস উৎপাদন কেন্দ্র রাস লাফানে ইরান মিসাইল দাগতেই গ্যাসের দাম বাড়ল ৩৫%

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বের বৃহত্তম এলএনজি হাব কাতারের রাস লাফানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বিশ্বের বৃহত্তম এলএনজি হাব কাতারের রাস লাফান। প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ল প্রায় ৩৫% পর্যন্ত। বিশ্বজুড়ে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা।

ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা চালানোর পরই এই হামলা চালাল ইরান। প্রতিশোধ হিসেবে ইরান কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির এলএনজি উৎপাদন কেন্দ্রগুলি লক্ষ্য করে মিসাইল দাগে। যার ফলে বিস্ফোরণে আগুন ধরে যায় গ্যাস উৎপাদন কেন্দ্রে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনার জেরে সংযুক্ত আরব আমিরশাহীও তাদের হাবশান গ্যাস অপারেশন স্থগিত করে দিয়েছে।

হামলার পরই ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম ৩৫% পর্যন্ত বেড়ে যায়। সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১১৬ ডলারের বেশি ছাড়িয়ে যায়। কাতার এই হামলাকে “বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন” বলে উল্লেখ করেছে। সংযুক্ত আরব আমিরশাহীও একে “বিপজ্জনক ও উত্তেজনা বৃদ্ধিতে প্ররোচনা” বলে কঠোর সমালোচনা করেছে। এতে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা আরও বেড়েছে।

হামলার পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান আবার কাতারকে লক্ষ্য করলে যুক্তরাষ্ট্র ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্র ধ্বংস করে দেবে। প্রসঙ্গত ইরানের সাউথ পার্স বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ভাণ্ডারের অংশ। এদিকে রাস লাফানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক তেল ও গ্যাস বাজারে অস্থিরতা আরও বাড়ে। বৃহস্পতিবার তেলের দাম ৫% বেড়ে গিয়েছে। ইউরোপে গ্যাসের দাম ৩৫% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথভাবে হামলা চালানোর পর থেকেই ইরানের পাল্টা আক্রমণের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে উপসাগরীয় অঞ্চল। তেহরান একদিকে যেমন মার্কিন ঘাঁটি ও সম্পদ লক্ষ্য করে হামলা চালাচ্ছে, তেমনই উপসাগরীয় দেশগুলির জ্বালানি উৎপাদন কেন্দ্রগুলিতেও আঘাত হেনেছে। প্রসঙ্গত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং রাশিয়ার সঙ্গে কাতারও শীর্ষস্থানে থাকা বিশ্বের অন্যতম এলএনজি উৎপাদক দেশ।

এর আগেও মার্চের প্রথম সপ্তাহেও ইরান কাতারের গ্যাসক্ষেত্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। যার ফলে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রফতানিকারক প্রতিষ্ঠান কাতারএনার্জি তাদের উৎপাদন স্থগিত করতে বাধ্য হয়। ওদিকে হরমুজ প্রণালী দিয়েও ট্যাঙ্কার চলাচল ব্যাহত। এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ হয়। যার জেরে সবমিলিয়ে বিশ্বে জ্বালানি বাজারে চাপ বেড়েছে।

(Feed Source: zeenews.com)