
Chuck Norris Passes Away: অ্যাকশন লেজেন্ড চাক নরিসের প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া। মার্শাল আর্টস এবং হলিউড সিনেমার এই আইকনকে শ্রদ্ধা জানিয়েছেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। অক্কি লেখেন, তুমিই আমার গুরু।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বজুড়ে অ্যাকশন প্রেমীদের কাছে বিরাট দুঃসংবাদ। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি মার্শাল আর্টিস্ট এবং হলিউড অভিনেতা চাক নরিস (Chuck Norris)। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব বিনোদন জগতে। মার্শাল আর্টসের দুনিয়ায় তাঁর অবদানকে স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েছেন বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার।
নিজে একজন প্রশিক্ষণপ্রাপ্ত মার্শাল আর্টিস্ট হওয়ায় অক্ষয় কুমারের কাছে চাক নরিস ছিলেন এক বড় অনুপ্রেরণা। নিজের এক্স হ্যান্ডেলে অক্ষয় লিখেছেন, “এক মার্শাল আর্টিস্ট হিসেবে বড় হওয়ার পথে ‘ওয়ে অফ দ্য ড্রাগন’ বা ‘মিসিং ইন অ্যাকশন’-এ চাক নরিসকে দেখাটা শুধু বিনোদন ছিল না, ছিল শিক্ষা। তাঁর পর্দার ডিসিপ্লিন, শক্তি এবং অনায়াস কমান্ড আমার ভেতরে গেঁথে রয়েছে। আমার ব্যক্তিত্বের একটা অংশ গড়ে দেওয়ার পেছনে যে অনুপ্রেরণা কাজ করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ।”
সিনেমায় আসার আগে চাক নরিস মার্শাল আর্টসে অভাবনীয় সাফল্য অর্জন করেছিলেন। তিনি টানা ছয়বার ‘আনডিফিটেড ওয়ার্ল্ড প্রফেশনাল মিডলওয়েট ক্যারাটে চ্যাম্পিয়ন’ ছিলেন। ১৯৬৮ সালে ‘দ্য রেকিক্রু’ ছবির মাধ্যমে তাঁর বড় পর্দায় পথচলা শুরু। তবে ১৯৭২ সালে কিংবদন্তি ব্রুস লি-র সঙ্গে ‘রিটার্ন অফ দ্য ড্রাগন’ ছবিতে তাঁর সেই স্মরণীয় লড়াই আজও সিনেমাপ্রেমীদের মনে গেঁথে রয়েছে। তা হয়ে উঠেছিল আইকনিক।
বড় পর্দায় ‘মিসিং ইন অ্যাকশন’ বা ‘দ্য ডেল্টা ফোর্স’-এর মতো কুড়িরও বেশি হিট ছবি উপহার দিয়েছেন তিনি। তবে ছোট পর্দায় ‘ওয়াকার, টেক্সাস রেঞ্জার’ সিরিজের অপরাধ দমনকারী পুলিস অফিসারের চরিত্রে তিনি সবথেকে বেশি জনপ্রিয়তা পান। নয়টি সিজন ধরে চলা এই শো তাঁকে ঘরে ঘরে পরিচিতি এনে দিয়েছিল।
ব্যক্তিগত জীবনে চাক নরিস দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রথম স্ত্রী ডায়ানের পক্ষ থেকে তাঁর দুই পুত্র মাইক এবং এরিক বর্তমান, যারা পেশায় স্টান্ট পারফর্মার। দ্বিতীয় স্ত্রী জেনার পক্ষে তাঁর ড্যাকোটা এবং ড্যানিলি নামে দুই যমজ সন্তান রয়েছে। তাঁর প্রয়াণে এক সোনালী যুগের অবসান হল।
(Feed Source: zeenews.com)
