
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর ঠিক এক সপ্তাহ। কলকাতা নাইট রাইডার্সের আইপিএল অভিযান (IPL 2026) শুরু মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। নতুন হেডমাস্টার অভিষেক নায়ারের প্রশিক্ষণে জোর কদমে সান্ধ্য ইডেনে চলছে প্র্যাকটিস। তবে ওয়াংখেড়েতে দল বাছতে রীতিমতো হিমশিম খাওয়ার জো হয়েছে। চিন্তার সবচেয়ে বড় কারণ দলের পেস বিভাগ। লিগ শুরুর আগে পরের পর ধাক্কা খেয়েই চলেছে কেকেআর। এবার ইডেনের ‘ঘরের ছেলে’ আকাশ দীপকে (Akash Deep) নিয়ে এসেছে মাথায় আকাশ ভাঙা আপডেট। জানা যাচ্ছে ভারতীয় দলের পেসারও নাকি আইপিএলে অনিশ্চিত! (Akash Deep miss in IPL 2026)
আকাশ দীপের কী আপডেট?
বাংলার হয়ে খেলা ২৯ বছরের ৬ ফুট ১ ইঞ্চির বিহারি পেসার চোটে আক্রান্ত। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে তাঁর ইনজুরি ম্যানেজমেন্ট চলছে। সূত্রের খবর, আকাশ দীপ এখনও সেরে ওঠেননি। এখনও চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় কেকেআর। ইডেনের প্রতিটি ঘাস চেনা পেসারকে না পাওয়া কেকেআরের কাছে বিরাট ধাক্কার। বোলিং লাইন-আপ প্রায় মিনি-হাসপাতাল হয়ে গিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কেকেআর টিম ম্যানেজমেন্টের পাশাপাশি সেন্টার অফ এক্সিলেন্সের চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। আকাশের কেরিয়ারে চোট-আঘাত যেন তাঁর পিছুই ছাড়ে না। টিম ইন্ডিয়ার পাশাপাশি কেকেআরেও তাঁকে বেশ কয়েকটি ম্যাচ মিস করতে হয়েছে। ২০২২ সালে আইপিএল অভিষেকের পর থেকে, চার মরসুমে মাত্র ১৪ টি ম্যাচ খেলেছেন। ১১.৮২ ইকোনমি রেটে ১০টি উইকেট নিয়েছেন। ২০২৫ সালের নিলামে লখনউ সুপার জায়ান্টস তাঁকে ৮ কোটি টাকায় দলে নিয়েছিল। কিন্তু ৬ ম্যাচে মাত্র ৩ উইকেট নেওয়ায় এক মরসুম পরেই তাঁকে ছেড়ে দেয় এলএসজি। পরে মিনি-নিলামে কেকেআর বাংলার পেসারকে তাঁর বেস প্রাইজ ১ কোটি টাকায় দলে নেয়। ৭ কোটি টাকা কমেই চুক্তিবদ্ধ হয়েছেন আকাশদীপ!
কেকেআরের পেস ব্যাটারি
কেকেআরের পেস ব্যাটারি কিছুতেই পুরোপুরি চার্জ হচ্ছে না। মুস্তাফিজুর রহমানকে সই করিয়েও ছেড়ে দেওয়া থেকে ধাক্কার শুরু। এরপর হর্ষিত রানা ছিটকে যান চোটের কারণে। ওদি শ্রীলঙ্কার ‘ডেথ ওভার স্পেশ্যালিস্ট’ মথিশা পাথিরানা হয়তো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এনওসি নিয়ে কলকাতায় চলে আসবেন ঠিকই, কিন্তু তাঁর চোটও মাথায় রাখতে হবে কেকেআরকে। জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানির সঙ্গে উমরান মালিক, বৈভব অরোরা, কার্তিক ত্যাগীরা রয়েছেন পেসার হিসেবে। কেআর ইডেনের নেটে ট্রায়ালের আয়োজন করেছিল। ক্যাম্পে অভিজ্ঞ এবং সম্ভাবনাময় ঘরোয়া প্রতিভাদের সমাহার ছিল। যাঁরা আইপিএল চুক্তি নিশ্চিত করার আশায় ছিলেন। নবদীপ সাইনি, আকাশ মাধওয়াল, সিমরজিৎ সিং, সন্দীপ ওয়ারিয়ার, কেএম আসিফ এবং সুনীল কুমাররা পরীক্ষা দিয়েছেন। তবে শোনা যাচ্ছে, দেশের অনূর্ধ্ব-১৯ অলরাউন্ডার ও তামিলনাড়ুর প্রডিজি আর এস অম্বরীশের সঙ্গে হয়তো কেকেআর চুক্তি করতে পারে।
(Feed Source: zeenews.com)
