
স্বস্তি, কারণ, সব কিছু ঠিকঠাক চললে সোমবার গভীর রাতেই কলকাতায় চলে আসছেন দলের প্রাণভোমরা সুনীল নারাইন। তিনি একা নন, সঙ্গে পাওয়ার হিটিং কোচ আন্দ্রে রাসেল ও অলরাউন্ডার রোভম্যান পাওয়েল।
মধ্য প্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে দেশে আটকে পড়েছিলেন ক্যারিবিয়ান ত্রয়ী। এঁদেরপ মধ্যে নারাইন কেকেআরের সর্বকালের অন্যতম সেরা ম্যাচ উইনার। নাইটদের তিন ট্রফি জয়ের নেপথ্যেই নারাইনের অবদান রয়েছে। কোনও ম্যাচ জিতিয়েছেন ব্যাট হাতে। কোনও ম্যাচ বল হাতে। একটা সময় তাঁর স্পিন ব্যাটারদের নাকানিচোবানি খাইয়েছে। তবে এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৯ মার্চ প্রথম ম্যাচে নারাইনকে পাওয়া যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়।
ইরান বনাম ইজরায়েল-আমেরিকা যুদ্ধে গোটা বিশ্বেই বিমান পরিষেবা ব্যাহত হয়। প্রত্যেক দিন প্রচুর ফ্লাইট বাতিল। ত্রিনিদাদে আটকে পড়েছিলেন নারাইন। জামাইকায় ছিলেন রাসেল ও পাওয়েল। মাসল রাসেল এবার অন্য ভূমিকায় থাকবেন কেকেআরে। তিনি পাওয়ার হিটিং কোচ। সঙ্গে রোভম্যান পাওয়েলও আটকে পড়েছিলেন।
তবে অবশেষে জট কেটেছে। সোমবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্য়াচ খেলল কেকেআর। তারই ফাঁকে কেকেআর শিবির থেকে জানানো হল সমর্থকদের জন্য বিরাট স্বস্তির খবর। বলা হল, সোমবার রাত ১২টা ৪০ মিনিটে কলকাতায় পৌঁছচ্ছেন নারাইন-রাসেল ও পাওয়েল। তিনজনই ওয়েস্ট ইন্ডিজ় থেকে নেদারল্যান্ডসের আমস্টারডাম হয়ে মুম্বই পৌঁছেছেন বলেই খবর। মুম্বই থেকে গভীর রাতে পা রাখছেন শহরে।
তবে আইপিএল শুরুর আগে দলের সবচেয়ে বড় কাঁটা চোট আঘাত। হর্ষিত রানা কার্যত ছিটকে গিয়েছেন। আকাশ দীপও খেলতে পারবেন না বলেই খবর। প্রশ্ন রয়েছে শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা কবে দলের সঙ্গে যোগ দেন তা নিয়েও।
শোনা গেল, আকাশ দীপের বদলি হিসাবে কাকে নেওয়া হবে, সেই নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। সৌরভ দুবেকে নিতে চায় কেকেআর। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে নাকি সৌরভের নাম পাঠিয়েও দেওয়া হয়েছে। তবে বোর্ড থেকে এখনও অনুমোদন আসেনি। সোমবারের ম্যাচে দুবেকে খেলানো হল। তিনি উইকেটও তুললেন। প্রথম বলেই ফেরালেন ফিন অ্যালেনকে।
নাইট ভক্তরা অবশ্য উচ্ছ্বসিত নারাইনকে নিয়ে ধোঁয়াশা কাটার ইঙ্গিত পেয়েই। প্রথম ম্যাচ থেকেই নারাইন, নারাইন ধ্বনি তুলতে মুখিয়ে সমর্থকেরা।
(Feed Source: abplive.com)
