
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবার কি লকডাউন (Lockdown 2.0) আসছে? আবার কি সামনে কোভিডকালের (Covid Period) মহাবিপদ? অচল হবে দেশ? থেমে যাবে দৈনন্দিন জীবন? এত প্রশ্ন উঠে আসছে, কারণ, সংসদে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) এই সব প্রশ্ন উসকে দিয়েছেন। গতকাল সোমবার মোদীজি দেশবাসীকে বলেছেন, কোভিডকালের মতো (Ready Like Covid) সতর্ক থাকুন। কেন বললেন প্রধানমন্ত্রী? ইরানযুদ্ধই (Iran War)
এর জন্য দায়ী? গতকাল লোকসভা আর আজ, রাজ্যসভায় প্রধানমন্ত্রী দেশবাসীকে স্মরণ করালেন সাম্প্রতিক বিশ্ব-পরিস্থিতি। কী বললেন?
অতিমারিকালের মতো
হ্যাঁ, মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলতি উত্তেজনার প্রেক্ষিতেই দেশকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার লোকসভায় এই সংকটজনক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মোদী জানান, এই যুদ্ধের প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীকে ঠিক সেইভাবেই প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি, যেভাবে ভারত করোনা অতিমারির সময় ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিল।
কোভিড-সদৃশ সংকল্প
প্রধানমন্ত্রী বলেছেন, পশ্চিম এশিয়ার এই সংকট খুবই উদ্বেগজনক। আমাদের ঠিক কোভিডের সময়ের মতোই প্রস্তুত এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও যোগ করেন, এই যুদ্ধ কেবল বিশ্ব অর্থনীতিতেই প্রভাব ফেলছে না, বরং ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
জ্বালানি ও সরবরাহ
যুদ্ধের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষ করে স্ট্রেট অফ হরমুজ (Strait of Hormuz)-এর মতো গুরুত্বপূর্ণ জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা আসায় সরবরাহ শৃঙ্খলে বড়সড় প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একে একপ্রকার ‘হার্ড লকডাউন’-এর সঙ্গে তুলনা করছেন বিশেষজ্ঞরা।

প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা
প্রধানমন্ত্রী জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে প্রায় এক কোটি ভারতীয় বাস করেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ইতিমধ্যেই ৩ লক্ষ ৭৫ হাজারেরও বেশি ভারতীয়কে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
কালোবাজারি রুখতে
সংকটজনক পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যাতে গুজব ছড়াতে বা নিত্যপ্রয়োজনীয় জিনিসের কালোবাজারি ও মজুতদারি করতে না পারে, সেদিকে কড়া নজর রাখার জন্য রাজ্য সরকারগুলিকে নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।
কূটনৈতিক অবস্থান
ভারত শুরু থেকেই এই সংঘর্ষ থামাতে কথাবার্তা ও কূটনীতির উপর জোর দিয়েছে। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলে উত্তেজনা প্রশমনের আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন, এই যুদ্ধের ফলে তৈরি হওয়া বিশ্বজনীন অস্থিরতা দীর্ঘ সময় ধরে চলতে পারে। তাই দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সরকার সবরকম আগাম পদক্ষেপ গ্রহণ করছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
(Feed Source: zeenews.com)
