Bus Accident: নিয়ন্ত্রণ হারিয়ে ২৫ যাত্রী নিয়ে উলটে গেল দোতলা বাস, দুমড়ে মুচড়ে শেষ শিশু-সহ এক

Bus Accident: নিয়ন্ত্রণ হারিয়ে ২৫ যাত্রী নিয়ে উলটে গেল দোতলা বাস, দুমড়ে মুচড়ে শেষ শিশু-সহ এক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল যাত্রীবাহী ডবল ডেকার বাস। দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন, আহত কমপক্ষে ২৩ জন। ঘটনাটি দিল্লির করোলাবাগ এলাকায়।

দিল্লি ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রাজস্থানের জয়পুর থেকে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে করোলবাগের ঝাণ্ডেওয়ালান মন্দিরের কাছে উল্টে যায়। রাত ১টা ৮ মিনিট নাগাদ দমকল বিভাগকে খবর দেওয়া হলে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। বাসে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, বাসটির চাকা খুলে আলাদা হয়ে গিয়েছে এবং জানালার কাঁচ ভেঙে সিটগুলো দুমড়ে-মুচড়ে পড়ে আছে।

দুর্ঘটনার খবর পেয়েই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার এক প্রত্যক্ষদর্শী অটোচালক দীপক জানান, ‘আমরা যতজনকে সম্ভব উদ্ধারের চেষ্টা করেছি। একটি শিশু এবং একজন মহিলা বাসের নিচে আটকে পড়েছিলেন, আমরা তাদের বের করে আনি। মনে হচ্ছে চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।’ দিল্লি পুলিস জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী চালকের অসতর্কতাই এই মর্মান্তিক ঘটনার পেছনে দায়ী হতে পারে।

উল্লেখ্য, অন্যদিকে সাতসকালে গলসির চৌমাথার ঢোকার একটু আগেই পথ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। ঘটনায় আহত হয়েছেন  ১৫ জন যাত্রী। তাদের মধ্যে ৪ জনের আঘাত গুরুতর বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বাসটি বেনাচিতি থেকে কৃষ্ণনগর যাচ্ছিল। এদিন, ৬ টা ১৫ মিনিট নাগাদ গলিগ্রাম থেকে যাত্রী তুলে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে গলসির চৌমাথায় ঢুকছিল। ঢোকার একটু আগে রাস্তার বামদিকে যান্ত্রিক গোলযোগের কারণে দাড়িয়ে ছিল একটি পণ্যবাহী লরি। বাসটি লরির কাছে আসতেই সামনের একটি চলমান লরি আচমকা ব্রেক মারে। এর ফলেই নিয়ন্ত্রন হারান বাসের চালাক।

এরপরই বাম দিকে দাড়িয়ে থাকা লরির পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। ঘটনার জেরে বাসের বামদিকের বেশকিছুটা অংশ ভেঙে ঢুকে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়। জখম হন কেবিনে বসে থাকা কিছু যাত্রী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিস। পুলিস ও স্থানীয় যুবকদের প্রচেষ্টায় আহতদের উদ্ধার করা হয়। তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিস। ঘটনার জেরে বেশ কিছুক্ষন অবরুদ্ধ হয়ে যায় ১৯ নম্বর জাতীয় সড়কের বর্ধমানগামী লেন। পুলিস কপিকল দিয়ে গাড়ি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

(Feed Source: zeenews.com)