জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার আমেরিকার ডলারে থাকবে ডোনাল্ড ট্রাম্পের সই। এতদিন ডলারে সই থাকত অর্থ সচিবের। এখন ট্রাম্প সাহেবের সই যদি ডলারে দেখা যায় তাহলে তিনিই হবেন ১৬৫ বছর পর আমেরিকার প্রথম প্রেসিডেন্ট প্রেসিডেন্ট থাকাকালে যাঁর সই থাকবে ডলারে।
নতুন স্বাক্ষরিত প্রথম ১০০ ডলারের নোটগুলো আগামী জুন মাসে ছাপানো হবে বলে আশা করা হচ্ছে। অন্যান্য নোটগুলো পরে আসবে। অর্থসচিব স্কট বেসেন্ট জানান, এই পদক্ষেপটি একটি বিশেষ বার্ষিকী এবং সরকারের অর্থনৈতিক পরিকল্পনার সাথে যুক্ত। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে দেশ আর্থিক শক্তি এবং স্থিতিশীলতার পথে রয়েছি। আমাদের মহান দেশ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের ঐতিহাসিক অর্জনগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য মার্কিন ডলারের নোটে তাঁর নাম থাকার চেয়ে শক্তিশালী আর কোনো উপায় হতে পারে না।
মার্কিন ট্রেজারার ব্র্যান্ডন বিচ জানিয়েছেন যে, এই পরিবর্তনটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে করা হয়েছে। তিনি আরও বলেন, এই নতুন নোটগুলো দেশের ইতিহাস এবং বর্তমান সরকারের ভূমিকার প্রতিফলন ঘটাবে।
সরকারি প্রতীকগুলোতে ট্রাম্পের নাম এবং ছবি অন্তর্ভুক্ত করার ধারাবাহিকতায় এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এই মাসেই একটি ফেডারেল প্যানেল স্বাধীনতার বার্ষিকী উপলক্ষে ট্রাম্পের ছবিসহ ২৪ ক্যারেটের একটি স্বর্ণের স্মারক মুদ্রার নকশা অনুমোদন করেছে—যদিও নিয়ম অনুযায়ী সাধারণত জীবিত কোনো মার্কিন প্রেসিডেন্টের ছবি মুদ্রায় ব্যবহার করা যায় না। ট্রেজারি বিভাগ জানিয়েছে যে, মুদ্রণ শেষ হওয়ার পর এই নতুন নোটগুলো ধাপে ধাপে বাজারে ছাড়া হবে।
(Feed Source: zeenews.com)
