
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিনোদন জগতে শোকের মেঘ। পিয়ংট্যাকে নিজের বাসভবন থেকে উদ্ধার করা হলো জনপ্রিয় অভিনেতা লি সাং-বো (Lee Sang-Bo)-এর নিথর দেহ। ৪৪ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুতে দানা বেঁধেছে রহস্য। গত বৃহস্পতিবার (২৬ মার্চ, ২০২৬) তাঁর এক আত্মীয় তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন।
লি সাং-বো-এর জীবন ছিল সিনেমার চেয়েও করুণ। গত কয়েক বছরে তিনি একে একে তাঁর বাবা, মা এবং দিদিকে হারিয়েছিলেন। গাড়ি দুর্ঘটনায় মা ও দিদির অকাল মৃত্যু তাঁকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দেয়। একাকীত্ব আর শোকের হাত থেকে বাঁচতে দীর্ঘ সময় ধরে তিনি ডিপ্রেশন এবং প্যানিক ডিসঅর্ডারের ওষুধ খাচ্ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাঁর এই কঠিন লড়াইয়ের কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেছেন।

২০২২ সালে একবার মাদক সেবনের অভিযোগে লি-কে আটক করা হয়েছিল। তবে তদন্তের পর জানা যায়, তিনি কোনো অবৈধ মাদক নেননি। আসলে পরিবারের সদস্যদের হারিয়ে তিনি যে অবসাদ নিরোধক ওষুধগুলো খেতেন, সেগুলোর কারণেই তাঁর আচরণ অসংলগ্ন হয়ে পড়েছিল। ২০২২ সালেই তিনি এই মামলা থেকে সম্পূর্ণ মুক্তি বা ‘ক্লিন চিট’ পান এবং পুনরায় অভিনয়ে মন দেন। অভিনেতার এজেন্সি কোরিয়া ম্যানেজমেন্ট গ্রুপ জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নজর রাখছে এবং মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে পুলিসি তদন্ত চলছে।
২০০৬ সালে ‘ইনভিজিবল ম্যান চোই জাং-সু’ দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর ‘মিস মন্টে ক্রিস্টো’, ‘প্রাইভেট লাইভস’, ‘রুগাল’ এবং ‘এলিগ্যান্ট এম্পায়ার’-এর মতো জনপ্রিয় কে-ড্রামায় অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান। টিভি সিরিয়ালের পাশাপাশি ‘মেফিস্টো’ এবং ‘সিক্রেটলি গ্রেটলি’-র মতো সিনেমাতেও তাঁকে দেখা গিয়েছে।
(Feed Source: zeenews.com)
