
কলকাতা: তাঁর মৃত্যুর পরে কেটে গিয়েছে অনেকগুলো মাস। কিন্তু জুবিন গর্গ (Zubeen Garg)। তাঁর মৃত্যু, অকালে থেমে যাওয়া সুর যেন এখনও ভুলতে পারেনি মানুষ। আর এবার অরুণাচল প্রদেশে আবিষ্কৃত হল নতুন এক প্রজাতির প্রজাপতি। আর তার নাম রাখা হল জুবিন গর্গের নামে! অরুণাচল প্রদেশের ঘন অরণ্যে সন্ধান মিলেছে নতুন, অপূর্ব সুন্দর এক প্রজাপতির। এর আগে মানস জাতীয় উদ্যানে পাওয়া গিয়েছিল নতুন প্রজাতির একটি গাছ। সেই গাছের নামকরণও করা হয়েছিল জুবিনের নামেই। এই প্রজাতির প্রজাপতির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে, ‘ইউথালিয়া জুবিনগর্গি’। জুবিনের স্মৃতি যাতে জনমানসে চিরকাল রঙিন হয়ে থাকে, সেই কারণেই এই শ্রদ্ধা জানানো হয়েছে প্রয়াত শিল্পীকে।
যে প্রজাপতির সন্ধান পাওয়া গিয়েছে, সেটিকে মূলত বাদামি রঙের দেখতে। এই প্রজাপতির ডানা অলিভ-বাদামি রঙের, যার উপর সাদা দাগ এবং হালকা উজ্জ্বল ভাব রয়েছে। এই প্রজাতির প্রজাপতি মূলত ৬০০ থেকে ৭০০ মিটার উচ্চতায় অবস্থিত আধা-চিরসবুজ অরণ্যে বাস করে। সাধারণত ছায়াঘেরা নিচু স্তরের ঝোপঝাড়ে এদের দেখা যায়। প্রয়াত শিল্পীকে সম্মান জানাতেই এই নামকরণ করা হয়েছে বলে জানা গিয়েছে। ২০২৫ সালে ওই অঞ্চলে সমীক্ষা চালানোর সময়ে এই প্রজাপতির খোঁজ পান রোশন উপাধ্যায় এবং গবেষক কালেশ সদাশিবন। দীর্ঘ সময় ধরে সমীক্ষা চালিয়ে মাত্র দু’টি প্রজাপতির সন্ধান পাওয়া গিয়েছে। ওই বিরল প্রজাতির কথা আগে জানা যায়নি বলেও দাবি তাঁদের। সেই কারণে ওই নাম রাখার প্রস্তাব দিয়েছিলেন তাঁরা।
জুবিনের মৃত্যুতে নতুন তথ্য
১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় জনপ্রিয় সঙ্গীতশিল্পীর। সিঙ্গাপুরে উত্তর-পূর্ব ভারত উৎসব-এ সাংস্কৃতিক দূত হয়ে গিয়েছিলেন তিনি। আর সেখানেই অনুষ্ঠান করার ফাঁকে স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন জুবিন। প্রাথমিক তদন্তে জানানো হয়েছিল, জলের নিচে শ্বাসকষ্ট হওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু সম্প্রতি সিঙ্গাপুর পুলিশ কোস্ট গার্ডের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, কীভাবে মৃত্যু হয়েছিল জুবিনের। সম্প্রতি সিঙ্গাপুরের কর্মকর্তারা প্রকাশ করেন, জলে নামার আগে, ৩ রকম মদ্যপান করেছিলেন জুবিন। তিনি একসঙ্গে জিন, ভডকা এবং হুইস্কি পান করেছিলেন বলে জানা গিয়েছে। পাশাপাশি আরও দাবি করা হয়েছে, জুবিন জলে নামার আগে লাইফ জ্যাকেট পরতেও অস্বীকার করেছিলেন। এর আগে অভিযোগ করা হয়েছিল, জুবিনকে বোধহয় জলে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। তবে এই খবর, নাকচ করে দিয়েছে সিঙ্গাপুরের তদন্তকারী দল। জানানো হয়েছে, জুবিন নিজের ইচ্ছেতেই জলে নেমেছিলেন। যদিও অসমের জনগণ এই তথ্য মানতে নারাজ।
(Feed Source: abplive.com)
