Rahul Arunoday Banerjee Death: ‘আমাদের একটু সময় দিন’, রাহুলকে হারিয়ে পোস্টে আবেদন প্রিয়াঙ্কার

Rahul Arunoday Banerjee Death: ‘আমাদের একটু সময় দিন’, রাহুলকে হারিয়ে পোস্টে আবেদন প্রিয়াঙ্কার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিরিয়ালের শুটিংয়ে দুর্ঘটনা। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ‘আমরা আন্তরিকভাবে কিছুটা সময় ও ব্যক্তিগত পরিসর চাই’, সোশ্য়াল মিডিয়া পোস্ট দিলেন প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার।

ফেসবুকে  পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমাদের জন্য গভীর বেদনা ও শোকের সময়। এই কঠিন মুহূর্তে আমরা আন্তরিকভাবে কিছুটা সময় ও ব্যক্তিগত পরিসর চাই। একজন শিশু, একজন মা, পরিবার এবং প্রিয়জন–সকলেই এই ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছে। আমাদের বন্ধু ও সংবাদমাধ্যমেক সহকর্মীদের কাছে অনুরোধ, আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। আমাদের শোক প্রকাশকে মর্যাদা দিন। আপনাদের সহানুভূতি ও সমর্থন আমাদের কাছে আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ’।

রাহুলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্য়ান্ডেল পোস্টে তিনি লিখেছেন, ‘কী করে যে কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সে আমার খুব পছন্দের অভিনেতা ও মানুষ ছিল’।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রাহুল। কাজ করেছেন সিনেমা, ওয়েবসিরিজেও।  রবিবার বাংলার ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’ শুটিং করতে দীঘায় কাছে তালসারিতে গিয়েছিলেন অভিনেতা। শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে যান তিনি। এরপর উদ্ধার করে  দিঘা হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। হাসপাতালে রাহুলকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা।  ঠিক কীভাবে দুর্ঘটনা? তা স্পষ্ট নয়। শোনা যাচ্ছে,  শুটিং শেষে বোট রাইডে গিয়েছিলেন রাহুল।  দেড় ঘণ্টা নিখোঁজ ছিলেন তিনি। শেষে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।

(Feed Source: zeenews.com)