‘যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়’, বলছেন সিরিয়ালের ফ্লোর EP

‘যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়’, বলছেন সিরিয়ালের ফ্লোর EP
Rahul Arunoday Banerjee Death: মর্মান্তিক ! শ্যুটিংয়ে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এ হেন আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ সকলেই। সিরিয়ালের Floor EP শান্তনু নন্দী জানিয়েছেন, ‘কয়েক সেকেন্ডের মধ্যেই কোনও একটা ঢেউ বা কিছু এসে যায়। তাতেই ডিসব্যালান্স হয়ে দু’জনেই পড়ে যায়। ইউনিটের যারা ছিল, কেউ সাঁতার জানুক বা না জানুক, সবাই ঝাঁপ দেয়। স্বাভাবিক চোখের সামনে ওরকম হলে তো সেটাই করবে। শ্বেতাকে কোনওভাবে গামছা-টামছা দিয়ে ধরে ফেলতে পারে। কিন্তু রাহুল জলের তোড়ে আরেকটু এগিয়ে যায়। আমাদের যে সেফটি বোট ছিল সেখানে থাকা ছেলেরা লাফ দিয়ে নেমে রাহুলকে উদ্ধার করে। বোটে করেই নিয়ে যাওয়া হয় গাড়ির কাছে। পাড়ে আনা হয়েছিল… আসলে, তালসারির বিচে অনেক বালি থাকে। তাই বোটে করেই গাড়িতে নিয়ে যাওয়া হয়। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর। কথাও বলেছিল বোধহয় যা জানতে পারলাম। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করার পর জানতে পারলাম এরকম একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে।’

আজ তমলুক হাসপাতালেই রাখা হয়েছে রাহুলে দেহ। আগামীকাল তমলুক মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ। শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। কী ঘটেছিল রাহুলের সঙ্গে? চাঞ্চল্যকর দাবি করেছে ওড়িশা পুলিশ। সূত্রের খবর, ওড়িশা পুলিশের তরফে দাবি করা হয়েছে, আজকের গোটা ঘটনা তারা জানতে পেরেছে দিঘা থানার থেকে। এর পাশাপাশি, ওড়িশার বালাসোর জেলার পুলিশ সুপারের দাবি, যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেখানে শ্যুটিং করার, জলে নেমে শ্যুটিং করার কোনও অনুমতি পুলিশের কাছ থেকে নেওয়া হয়নি। পুলিশ সূত্রে এও জানা গিয়েছে, আজ যে জায়গায় শ্যুটিং হয়েছে সেটি তালসারি বিচ। এটা তালসারি মেরিন থানার আওতাধীন। সাধারণত যেখানে এই থানা রয়েছে বা যেখানে পর্যটকরা থাকেন, তার থেকে বেশ কিছুটা দূরে, আজ দুপুরবেলায় নিরবিলি ফাঁকা জায়গায় তালসারি বিচে সমুদ্রে নেমে শ্যুটিং চলছিল। স্থানীয়দের দাবি, সমুদ্রের অনেকটা ভিতরে শ্যুটিং চলছিল। সেই সময় জোয়ারের প্রভাব ছিল। চোরাবালির খাঁজ ছিল। সেখানে পড়ে রাহুল তলিয়ে যান। উপস্থিত ক্রু মেম্বাররাই কোনওমতে রাহুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে খবর, সমুদ্রের বেশ কিছুটা ভিতরে একটি নাচের দৃশ্যের শ্যুটিং চলছিল। অনুমান, সেই সময় চোরাবালিতে পড়ে ডুবে তলিয়ে যান অভিনেতা। তারপর তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয়েছে অভিনেতার।

(Feed Source: abplive.com)