জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শোকের কালো মেঘ যেন কিছুতেই কাটছে না টলিউডের আকাশ থেকে। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর ক্ষত এখনও দগদগে, তারই মাঝে ফের এল দুঃসংবাদ। না-ফেরার দেশে পাড়ি দিলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ প্রণব চট্টোপাধ্যায় (Pranab Chatterjee)। মাত্র ৩৩ বছর বয়সেই শেষ হয়ে গেল এক প্রতিভাবান অভিনেতার জীবন। সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
প্রণবের মৃত্যুতে যতটা শোক কাজ করছে, তার থেকেও বেশি আলোচনা হচ্ছে তাঁর শেষ দিনগুলোর মানসিক অবস্থা নিয়ে। ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ মহলের দাবি, গত বেশ কিছু দিন ধরে পেশাগত দিক থেকে খুব একটা ভালো সময় যাচ্ছিল না তাঁর। হাতে কাজ ছিল না বললেই চলে। নিয়মিত কাজের সুযোগ কমে যাওয়ায় তিনি অত্যন্ত দুশ্চিন্তায় ছিলেন। শোনা যাচ্ছে, অভিনয়ের সুযোগ পেতে তিনি অনেকের সঙ্গেই যোগাযোগ করেছিলেন, কিন্তু কাঙ্ক্ষিত ফল মেলেনি। এই দীর্ঘ প্রতীক্ষা এবং অনিশ্চয়তা তাঁকে মানসিক চাপের দিকে ঠেলে দিয়েছিল কিনা, তা নিয়ে জল্পনা দানা বাঁধছে। যদিও এই বিষয়ে তাঁর পরিবারের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও মন্তব্য করা হয়নি।
প্রণব চট্টোপাধ্যায় টলিউডের টেলিভিশন জগতের পরিচিত মুখ ছিলেন। তাঁর অভিনয় দক্ষতা দর্শকদের মন জয় করেছিল খুব অল্প সময়েই। ‘তেঁতুল পাতা’ এবং ‘ভগবান দাস’-এর মতো ধারাবাহিকে তাঁর সাবলীল অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। তবে তাঁর কেরিয়ারের অন্যতম মাইলফলক ছিল জনপ্রিয় ধারাবাহিক ‘নেতাজী’। এই পিরিয়ড ড্রামায় তাঁর চরিত্রটি যথেষ্ট প্রশংসিত হয়েছিল। কাজের প্রতি তাঁর নিষ্ঠা ও একাগ্রতা সহকর্মীদের কাছেও ছিল আলোচনার বিষয়।
এত অল্প বয়সে এক সহকর্মীর অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না টলিউডের কলাকুশলীরা। সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। অলকানন্দা গুহ, দেবনাথ চট্টোপাধ্যায়, গৌতম মুখোপাধ্যায় সহ একাধিক তারকা তাঁদের প্রিয় ‘প্রণব’-এর প্রয়াণে স্মৃতিচারণ করেছেন। প্রত্যেকের গলাতেই এক সুর— “এত তাড়াতাড়ি চলে যাওয়ার বয়স ছিল না এটা।” ইন্ডাস্ট্রির অন্দরে এই মৃত্যু ফের একবার পেশাগত অনিশ্চয়তা এবং মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলে দিল। ৩৩ বছরের এক তরতাজা প্রাণ এভাবে স্তব্ধ হয়ে যাওয়ায় টলিউড এখন শোকাতুর।
(Feed Source: zeenews.com)
