জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাহারা মরুভূমির (Sahara Desert) উপর দিয়ে বয়ে যাচ্ছে ২০০০ কিমি দীর্ঘ ধুলোর এক বিশাল দেওয়াল, যা মহাকাশ থেকে দৃশ্যমান হয়েছে। উপগ্রহচিত্রে সাহারা মরুভূমির উপর এই অভূতপূর্ব দৃশ্য ধরা পড়েছে। প্রায় ২০০০ কিলোমিটার বা ১২০০ মাইল দীর্ঘ এই বিশাল ধুলোর দেওয়াল বা পর্দা উত্তর-পূর্ব আফ্রিকার উপর দিয়ে বয়ে যেতে দেখা গিয়েছে। আলজেরিয়ার ওপর একটি শক্তিশালী নিম্নচাপ বলয় তৈরি হওয়ার ফলেই তৈরি হয়েছে এই ভয়াবহ ধূলিঝড়।
বিশাল বিপুল বালি ও ধূলি
উপগ্রহ থেকে পাওয়া ছবিতে দেখা গিয়েছে, ধুলোর এই ঘন স্তরটি প্রায় ২০০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা মহাকাশ থেকে একটি বিশাল ঘূর্ণায়মান পর্দার মতো দেখাচ্ছে। নিম্নচাপের প্রভাবে তৈরি হওয়া এই ঝড়টি ঘণ্টায় প্রায় ৪৮ কিলোমিটার (৩০ মাইল) বেগে দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি মরুভূমির বিশাল পরিমাণ বালি ও ধূলিকণা বায়ুমণ্ডলের উপরের স্তরে উড়িয়ে নিয়ে যাচ্ছে।
‘হাবুব’
আবহাওয়াবিদদের মতে, সাহারা মরুভূমিতে এই ধরনের বড় ধূলিঝড় খুব একটা অস্বাভাবিক নয়। স্থানীয়ভাবে একে ‘হাবুব’ বলা হয়। তবে এবারের ঝড়ের তীব্রতা এবং তার বিশালতা অভিজ্ঞ বিজ্ঞানীদেরও চমকে দিয়েছে।
বায়ুমণ্ডলের অনেক উঁচুতে
এই ধূলিকণাগুলি বায়ুমণ্ডলের অনেক উঁচুতে উঠে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। অনেক সময় এগুলি আটলান্টিক মহাসাগর অতিক্রম করে অন্য মহাদেশেও পৌঁছে যায়। এর ফলে বাতাসের গুণমান (Air Quality) মারাত্মকভাবে কমে যায় এবং শ্বাসকষ্টজনিত সমস্যা তৈরি হয়।
বিপজ্জনক
এই ধুলো পরিবেশের বিপুল ক্ষতি করে। এটি দৃশ্যতই বিপজ্জনক। তবে, সাহারার এই ধুলো বিশ্ব জলবায়ুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধুলোয় থাকা আয়রন এবং ফসফরাস আটলান্টিক মহাসাগর পেরিয়ে গিয়ে আমাজন রেইনফরেস্টেও পৌঁছয়! ভাবা যায়! শুধু যায়-ই না, তা সেখানকার মাটিকে পুষ্ট করে।
(Feed Source: zeenews.com)
