Plane Fire: সবেমাত্র ২৮৬ জনকে নিয়ে রানওয়ে ছেড়ে আকাশে, আচমকা দাউদাউ করে জ্বলে উঠল বিমানের ইঞ্জিন

Plane Fire: সবেমাত্র ২৮৬ জনকে নিয়ে রানওয়ে ছেড়ে আকাশে, আচমকা দাউদাউ করে জ্বলে উঠল বিমানের ইঞ্জিন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ড। ওড়ার কয়েক মিনিটের মধ্যেই বিমানটির একটি ইঞ্জিনে আগুন। সঙ্গে সঙ্গে ইর্মাজেন্সি ল্যান্ডিং। ঘটনাটি ব্রাজিলের সাও পাওলো বিমানবন্দরে।

জানা গিয়েছে, গত রবিবার সাও পাওলোর গুয়ারুলহোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডেল্টা ১০৪ ফ্লাইটটি যুক্তরাষ্ট্রের আটলান্টার উদ্দেশ্যে রওনা দেয়। বিমানটি ব্রাজিলের সাও পাওলো থেকে আটলান্টা যাচ্ছিল। বিমানটিতে ২৭২ জন যাত্রী এবং ১৪ জন ক্রু ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে, বিমানটি যখন রাতের আকাশে ওপরের দিকে উঠছে, তখন হঠাৎ বিকট শব্দ। বিমানের বাঁ পাশের ইঞ্জিন থেকে আগুনের শিখা বের হতে থাকে। বিমানের ভেতর থেকে যাত্রীরা ভয়ে চিৎকার করতে শুরু করেন।

এমনকী আগুন লাগার ফলে ইঞ্জিন থেকে ধ্বংসাবশেষ রানওয়ের পাশে ঝোপঝাড়ে পড়ে। যার ফলে ঝোপে আগুন লেগে যায়। পরিস্থিতি বেগতিক দেখে কন্ট্রোল রুম থেকে পাইলটকে সতর্ক করা হয়— ‘ডেল্টা ১০৪, আপনার বিমানের ডানায় আগুন লেগেছে।’ পাইলট তৎক্ষণাৎ জরুরি অবস্থা ঘোষণা করে বিমানটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।

pic.twitter.com/7vTod7WHKK

বিমানের ভেতরের ভিডিয়োতে দেখা গিয়েছে, জানালার বাইরে দাউদাউ আগুন দেখে যাত্রীরা আতঙ্কে চিৎকার করছেন। তবে পাইলটের দক্ষতায় মাত্র ৯ মিনিটের মধ্যেই বিমানটি নিরাপদে বিমানবন্দরে অবতরণ করে। রানওয়েতে আগে থেকেই প্রস্তুত থাকা উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিমানের বাঁ দিকের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে এই আগুনের সূত্রপাত। আমাদের কাছে যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই সবচেয়ে বড় বিষয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’ এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি। সবাইকে নিরাপদে টার্মিনালে সরিয়ে নেওয়া হয়েছে। ইঞ্জিন বিকল হওয়ার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, বুধবার সকালে রাশিয়ায় ভেঙে পড়ে সেনা বিমান। জানা গিয়েছে, মস্কো ক্রিমিয়া উপদ্বীপে আছড়ে পড়ে বিমানটি। ২৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জন ক্রু এবং ২৩ জন যাত্রী ছিলেন।

রুশ মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যে ৬টার দিকে ‘এএন-২৬’ মডেলের বিমানটি নিয়মিত উড়ানের সময় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। এক সংবাদ সংস্থা জানিয়েছে, ওড়ার সময় বিমানটি পাহাড়ের একটি খাড়া ঢালের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কোনো হামলা বা গোলাগুলির কারণে নয়, বরং যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করেছে যে, বিমানে থাকা ২৯ জনের মধ্যে কেউ বেঁচে নেই।

(Feed Source: zeenews.com)