রাহুলের মৃত্যু নিয়ে এবার বিবৃতি দিল আর্টিস্টস্ ফোরাম, উল্লেখ রইল, ‘স্ববিরোধী মন্তব্য’-এর

রাহুলের মৃত্যু নিয়ে এবার বিবৃতি দিল আর্টিস্টস্ ফোরাম, উল্লেখ রইল, ‘স্ববিরোধী মন্তব্য’-এর
কলকাতা: কীভাবে অকালে ঝরে গেল একজন প্রতিভাবান অভিনেতার প্রাণ? কীভাবে মৃত্যু হল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে টলিউডের সমস্ত কলাকুশলীদের মনে। একই প্রশ্ন রয়েছে দর্শকদের মনেও। তালসারিতে শ্যুটিং করতে গিয়ে যে অকালেই সবাইকে ছেড়ে পাড়ি দেবেন রাহুল, সেটা কল্পনাও করেননি কেউ। কীভাবে ঘটে গেল এই ঘটনা, কীভাবে তালসারির সমুদ্রে তলিয়ে গেলেন রাহুল, তা এখনও স্পষ্ট নয়। একাধিক অভিনেতা ও অভিনেত্রী রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হয়েছেন। আর এবার, রাহুলের মৃত্যুতে বিবৃতি দিল ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম’। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া হয়েছে এই বিবৃতি। কী লেখা রয়েছে তাতে?

সোশ্যাল মিডিয়ায় আজ যে বিবৃতিটি শেয়ার করা হয়েছে, সেখানে লেখা হয়েছে, ‘গত রবিবার (২৯শে মার্চ ২০২৬) বিকেলবেলা ওড়িশার তালসারিতে “ভোলে বাবা পার করেগা” নামক সিরিয়ালের শুটিং করতে গিয়ে আমাদের সংগঠনের সদস্য ও বিখ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনা কবলিত হয়ে সমুদ্রের জলে ডুবে মারা যান। তাঁর মা, স্ত্রী ও পুত্রের সঙ্গে সঙ্গে গুণমুগ্ধ দর্শক এবং বন্ধুরা শোকে হতবাক। আমরা তার পরিবারের পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ।

কিন্তু গত কয়েক দিন ধরে এই মৃত্যুকে ঘিরে যে সমস্ত ঘটনা প্রকাশ্যে আসছে এবং প্রযোজক সংস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ বিভিন্ন স্ববিরোধী মন্তব্য করছেন তাতে খুবই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে সবাই। এতরকম স্ববিরোধী মন্তব্যের মাঝে হারিয়ে যাচ্ছে আসল প্রশ্ন গুলো, কেন রাহুল কে এই দুর্ঘটনায় পড়তে হল? তাহলে কি বিপদে পড়া যেকোনো শিল্পীকে বা কলাকুশলীকে বাঁচাবার কোন ব্যবস্থা প্রযোজকদের তরফ থেকে আগে থেকে করা হয়নি? এই বিপদজনক জায়গাতে শুটিং করা হলই বা কেন? এরকম আরও অনেক প্রশ্নের উত্তর খুঁজছে ওর পরিবার, ওর বন্ধুরা, ওর গুণমুগ্ধ দর্শকরা আর আমরা ওর সহকর্মীরা।

আমরা তাই আমাদের W.B.M.P.A.F. এর তরফ থেকে এই দুর্ঘটনার বিষয়ে একটা স্বচ্ছ উত্তর চেয়ে ওই প্রযোজক সংস্থাকে চিঠি দিয়েছি। আশা করি তারা আমাদের যথাযথ উত্তর দেবেন। যদি তারা উত্তর না দেন তাহলে যথাযথ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ।

– আর্টিস্টস্ ফোরাম’

সোশ্যাল মিডিয়ায় এই চিঠি শেয়ার করে নিয়েছেন বহু অভিনেতা ও অভিনেত্রীরা। প্রত্য়েকেরই একই বক্তব্য, সঠিক তদন্ত হোক অরুণোদয়ের মৃত্যুর।

(Feed Source: abplive.com)