
Muri Health Benefits: মুড়ি শুধু হালকা খাবার নয়, এটি অ্যাসিডিটি কমায়, হজম ভাল রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। মুড়ির আসল উপকারিতা ও খাওয়ার সঠিক পদ্ধতি জানুন
মুড়ি! বাঙালি জীবনে বেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত এই খাবারটি। দৈনন্দিন খাবারের তালিকায় বেশ জোরালো উপস্থিতি রয়েছে মুড়ির। কিন্তু এই মুড়ি কতটা উপকারী শরীর ও স্বাস্থ্যের জন্য? এই নিয়ে কিন্তু সবার খুব স্পষ্ট ধারণা নেই। কারণ এতটাই নিত্য নৈমিত্তিক জীবনে জড়িয়ে রয়েছে মুড়ি যে তাকে নিয়ে আদৌ খুব বেশি ভাবনা চিন্তা করা হয় না।
যদিও এটা বোধহয় সকলেই কম বেশি জানেন যে মুড়ি এমন একটি খাবার যা অ্যাসিডিটি রোধ করে। শরীরে যাদের হজমের সমস্যা রয়েছে, যাদের অ্যাসিডিটি হয়, তাদের ক্ষেত্রে মুড়ি খুবই উপকারী। তাই নিয়মিত মুড়ি খেলে অ্যাসিডিটি কমবে।
শুধু তাই নয়, পেটের সমস্যায় শুকনো মুড়ি কিংবা ভেজা মুড়ি খেলে তাৎক্ষণিক উপকার পাওয়া যায়। এমনকি হজমের সমস্যায় চিকিৎসকেরা প্রায়ই মুড়ি খাওয়ার পরামর্শ দেন। মুড়িতে ভিটামিন বি ও প্রচুর পরিমাণে মিনারেল থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমায়।
কিন্তু আরও কিছু এমন গুণ এই চাল থেকে তৈরি মুচমুচে খাবারটির ভেতরে রয়েছে যা কেউ হয়তো ভাবতেও পারবেন না। আসলে আমাদের সকলকেই মুড়ি কিন্তু চিবিয়ে খেতে হয়। এর ফলে দাঁত ও মাড়ির একটা ব্যায়াম হয়।
নিয়মিত মুড়ি খেলে দাঁত ও মাড়ি ভাল থাকে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। কারণ, মুড়িতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন ও ফাইবার, যা হাড় শক্ত করে। এছাড়া মুড়িতে রয়েছে শর্করা, যা প্রতিদিনের কাজে শক্তি যোগান দেয়।
অন্যদিকে নতুন ট্রেন্ডে গা ভাসিয়ে ওজন কমানোতেও কিন্তু মুড়ির জুড়ি নেই। কম ক্যালরির খাবার খাবেন, আবার পেটও ভরবে, যদি এমনই আপনার ইচ্ছা হয় তাহলে মুড়ি খেতে পারেন। সারাদিন, বাড়িতে, অফিসে যখনই হাল্কা ক্ষুধা পাবে, তখন মুড়ি খেয়ে নিলে ক্ষুধা মিটবে, ক্ষতিও হবে না।
যাদের পেটের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে মুড়ি বিশেষ উপকারি। এছাড়া মুড়িতে সোডিয়ামের পরিমাণ অত্যন্ত কম থাকে। যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন, তারা মুড়ি খেতে পারেন। সবমিলিয়ে মুড়ি যে একটি অত্যন্ত স্বাস্থ্যকর ও একইসঙ্গে সাশ্রয়ী খাবার সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
চিকিৎসক অসীম বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, মুড়িতে এমন কিছু উপাদান থাকে, যা শরীরের রক্তচাপ কিছুটা হলেও কমাতে সাহায্য করে। মুড়িতে সোডিয়াম একেবারেই কম থাকে। ফলে রক্তচাপ বাড়ার ভয় থাকে না। কিন্তু অতিরিক্ত চানাচুর বা নুন মেশালে হিতে বিপরীত হতে পারে।
তিনি জানাচ্ছেন, এই গরমে মুড়ি খেলে উপকার পাবেন। কারণ গরমে শরীর প্রচুর শক্তি ক্ষয় করছে। এই সময় নামিদামি খাবার না খেয়ে অল্প মুড়ি খেতে পারেন। কারণ এতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। যা খুব তাড়াতাড়ি শরীরে শক্তির যোগান দেয়।
এই চিকিৎসক জানিয়েছেন, যাঁরা মুড়ি খেতে চান না, তাঁরা পুষ্টির ভাণ্ডার থেকে বঞ্চিত হচ্ছেন। কারণ মুড়িতে ভিটামিন ডি, ক্যালসিয়াম, আয়রন ফাইবারের মতো একাধিক পুষ্টিগুণ থাকে। যা শরীরের জন্য খুবই উপকারী। তাই নিশ্চিন্তেই মুড়ি খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
তবে তিনি জানিয়ে দিয়েছেন, মুড়িতে বেশি তেল, মসলা, চানাচুর ব্যবহার করলে তা হজমের সমস্যা তৈরি করতে পারে। তাই মুড়িতে হালকা তেল, অল্প মসলা এবং শসা ইত্যাদি সহযোগে খেলে, সেই মুড়ি অনেক উপকারী হবে। মুড়িতে বেশি মসলা, তেল ব্যবহার না করায় ভাল।
(Feed Source: news18.com)
