
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ২৬শে ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রূপকথার ঢঙে চার হাত এক হয়েছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মান্দানার। ‘ভিরোশ’ ভক্তদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই তারকা দম্পতি এখন তাঁদের নতুন জীবন উপভোগ করছেন। তবে বিয়ের রেশ কাটতে না কাটতেই এক রহস্যময় সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা—তবে কি মা হতে চলেছেন রশ্মিকা?
বিয়ের ঠিক এক মাস পরেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন রশ্মিকা। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, “Now we’re three” (এখন আমরা তিনজন), সাথে ছিল একটি সাদা হার্ট ইমোজি। ভিডিওটিতে অ্যানিমেটেড গ্রাফিক্সের মাধ্যমে বিজয় ও রশ্মিকার আদলে দুটি চরিত্রের পাশে একটি লাল হৃদয় এবং একটি হলুদ ফুল ফুটে উঠতে দেখা যায়। এই ‘তিনজন’ শব্দটিকে ঘিরেই নেটিজেনদের মনে প্রশ্ন দানা বাঁধে—তবে কি পরিবারে নতুন সদস্য আসার বার্তা দিচ্ছেন অভিনেত্রী?
রশ্মিকার এই পোস্টটি ঝড়ের গতিতে ভাইরাল হলেও, এর নেপথ্যে রয়েছে অন্য এক কাহিনী। আসলে ভিডিওটি রশ্মিকার নিজস্ব ক্রিয়েটিভ অ্যাকাউন্ট ‘Rashmikaru’ এবং ‘Terribly Tiny Tales’-এর একটি যৌথ প্রয়াস। এটি মূলত ছোট ছোট অ্যানিমেশন, ইলাস্ট্রেশন এবং ব্যক্তিগত ভাবনার একটি শৈল্পিক বহিঃপ্রকাশ। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এখানে ‘তিন’ বলতে কোনো নতুন প্রাণের আগমন নয়, বরং এটি একটি রূপক বা সৃজনশীল ভাবনা মাত্র। রশ্মিকা প্রায়ই এই ধরণের রূপকধর্মী পোস্ট করে থাকেন, যা তাঁর ভক্তরা অনেক সময় আক্ষরিক অর্থে ধরে নেন।
সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, “অভিনন্দন! ছোট বিজয় বা রশ্মিকা আসছে তাহলে?” আবার কেউ লিখেছেন, “তিন মানে কি ফুল নাকি জুনিয়র ভিরোশ?” তবে এই মুহূর্তে প্রেগন্যান্সি নিয়ে তারকা দম্পতির পক্ষ থেকে কোনো অফিশিয়াল ঘোষণা আসেনি।
ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাদার জীবনেও এই জুটি সমান সক্রিয়। খুব শীঘ্রই তাঁদের একসঙ্গে দেখা যাবে পিরিয়ড ড্রামা ‘রণবালী’ (Ranabaali) সিনেমায়। ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’-এর পর পরিচালক রাহুল সাঙ্কৃত্যানের এই ছবিতে ফের তাঁদের অন-স্ক্রিন কেমিস্ট্রি দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। এছাড়া রশ্মিকার হাতে রয়েছে ‘ককটেল ২’ এবং ‘মাইসা’-র মতো বড় প্রজেক্ট।
(Feed Source: zeenews.com)
