Petrol Pump Filled Vehicles Water: পাম্পে পেট্রোলের বদলে দেওয়া হচ্ছিল জল, গাড়ি বিকল হতেই তুলকালাম গ্রাহকদের

Petrol Pump Filled Vehicles Water: পাম্পে পেট্রোলের বদলে দেওয়া হচ্ছিল জল, গাড়ি বিকল হতেই তুলকালাম গ্রাহকদের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরান-ইসরায়েল যুদ্ধের জেরে দেশে রান্নার গ্যাসের আকাল দেখা দিয়েছে। তবে পেট্রোলের অভাবের কথা তেমন ভাবে বড় হয়ে দেখা দেয়নি। এর মধ্য়েই তুলকালাম গ্রেটার নয়ডার এক পেট্রোল পাম্পে। অভিযোগ সেখানে পেট্রোলের পরিবর্তে গাড়িতে ভরে দেওয়া হচ্ছিল জল। আর তা ধরে ফেলতেই তুলকালাম পাম্পে।

গ্রেটার নয়ডার সেক্টর পাই-১ (Sector Pi-1) এলাকার একটি পেট্রোল পাম্পে পেট্রোলের বদলে জল মেশানো তেল দেওয়ার অভিযোগ ওঠায় প্রবল বিক্ষোভ দেখান গ্রাহকরা। বেশ কয়েকজন গাড়ি চালক এই অভিযোগ তুলেছেন। ঘটনাটি জানাজানি হতেই ক্ষুব্ধ গ্রাহকরা পাম্পে এসে হাঙ্গামা শুরু করেন। গাড়ির ইঞ্জিনের যে ক্ষতি হয়েছে, তার জন্য তারা উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

গত শনিবার ওই পাম্প থেকে তেল নেওয়ার কিছুক্ষণ পরেই গাড়ি, বাইক এবং স্কুটারসহ প্রায় ২৫টিরও বেশি যানবাহন মাঝরাস্তায় বিকল হয়ে যায়। যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখতে মেকানিকদের ডাকা হলে তারা দেখতে পান যে, তেলের ট্যাঙ্কে প্রচুর পরিমাণে জল রয়েছে। প্রমাণ হিসেবে তারা বোতল এবং বালতিতে সংগৃহীত সেই ভেজাল তেলের নমুনাও দেখান। পাম্প কর্তৃপক্ষের চরম গাফিলতির অভিযোগ তুলে গাড়ি মালিকরা জানিয়েছেন, এর ফলে ইঞ্জিনের মারাত্মক ক্ষতি হতে পারে, এমনকি ইঞ্জিন পুরোপুরি অকেজো হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। ফলে এর জন্য ক্ষতিপূরণ দিতে হবে।

মাঝরাস্তায় গাড়ি বিকল হয়ে যাওয়ায় অনেক যাত্রী চরম বিপাকে পড়েন। ভুক্তভোগীদের মধ্যে অনেকেই হরিদ্বার, দিল্লি এবং গুরুগ্রামের দিকে যাচ্ছিলেন। এই খবর ছড়িয়ে পড়তেই পেট্রোল পাম্পে প্রচুর মানুষের ভিড় জমে যায় এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে পুলিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অনেকেই তেল ভেজালের ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যা সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। তারা প্রশাসনের কাছে এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন এবং দোষ প্রমাণিত হলে পেট্রোল পাম্পের লাইসেন্স বাতিল করার অনুরোধ করেছেন।

(Feed Source: zeenews.com)