জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অ্যাওয়ে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরেই আইপিএল (IPL 2026) অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গত বৃহস্পতিবার ৩ এপ্রিল, মরসুমের দ্বিতীয় ম্যাচেও হারল কেকেআর (KKR)। নিজেদের ঘরের মাঠে প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়লেন অজিঙ্কা রাহানেরা। ইডেনে ঢুকে সানরাইজার্স হায়দরাবাদ ৬৫ রানে কলকাতাকে হারিয়েছে (KKR vs SRH,IPL 2026)। আর এই ম্যাচেই বিতর্কিত আউট হয়েছেন কাব্য মারানের (Kavya Maran) দলের স্টার ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। আইপিএলের আচরণবিধি ভেঙে বড় অঙ্কের জরিমানাও দিতে হচ্ছে তাঁকে (Abhishek Sharma handed hefty fine by IPL)!
অভিষেকের বিতর্কিত আউট নিয়ে চর্চা
ইডেনে টস জিতে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠিয়েছিল কলকাতা। ট্রাভিস হেড ও অভিষেক শর্মার বিধ্বংসী জুটি ‘ট্রাভিষেক’, মাঠে নেমেই নিজেদের কাজ শুরু করে দিয়েছিলেন। পাওয়ার প্লে’তে (প্রথম ৬ ওভারে) ঝড় তোলেন তাঁরা। অভিষেক যখন আউট হন, তখন হায়দরাবাদের স্কোর ছিল ৫.৪ ওভারে ৮২। ২১ বলে ৪ চার ও ৪ ছয়ে ৪৮ রান করে ফেরেন অভিষেক। মাত্র ২ রানের জন্য় হাফ-সেঞ্চুরি মাঠে রেখে আসতে হয় তাঁকে। তবে অভিষেকের আউট শুধু অভিষেকই নয়, এসআরএইচ এবং নেটপাড়ার বহু ক্রিকেট ভক্তই মানতে পারেননি। ঠিক কী হয়েছিল? ব্লেসিং মুজারাবানির শর্ট বল পুল করেছিলেন অভিষেক। তবে ডিপ স্কোয়ার লেগে তিনি বরুণ চক্রবর্তীর হাতে জমা পড়ে যান। বরুণ ছুটে গিয়ে একেবারে মাঠ ছুঁই নীচু ক্যাচ নেন। কেকেআরের খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে সেলিব্রেশন শুরু করে দিলেও, অভিষেক কিন্তু ঠায় দাঁড়িয়ে ছিলেন ক্রিজে। তাঁর রীতিমতো সন্দেহ ছিল বরুণের ক্যাচের স্বচ্ছতা নিয়ে। ফলে মাঠের আম্পায়ার তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নেন। এসআরএইচের হেড কোচ ড্যানিয়েল ভেট্টোরিকে ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে আলোচনা করতেও দেখা গিয়েছিল। তিনিও এই সিদ্ধান্ত মানতে পারেননি। তৃতীয় আম্পায়ার নিতিন মেনন একাধিক রিপ্লে খতিয়ে দেখেন, যার মধ্যে জুমার ফুটেজও ছিল, যা বিভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরে। কিছু অ্যাঙ্গেল বলছিল যে, বরুণের আঙুল বলের নীচেই ছিল, আবার কিছু অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছিল বল মাটিতে ছুঁয়ে গিয়েছে। বিশেষ করে একটি রিপ্লেতে বলটিকে ঘাসের সংস্পর্শে আসার ফলে সামান্য উপরের দিকে নড়তে দেখা গিয়েছিল। যদিও পরিষ্কার ভাবে বল ধরার পর ফিল্ডারের হাত তোলার ফলেও এমন নড়াচড়া হতে পারে। মাঠের সিদ্ধান্ত পাল্টানোর মতো কোনও অকাট্য প্রমাণ না থাকায় নিতিনও অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন।
অভিষেকের কেন জরিমানা হল?
স্বাভাবিক ভাবেই অভিষেকের আউট নিয়ে চরম হতাশাই ছিল। রাগের বশে হয়তো তিনি কিছু বলে ফেলেছিলেন। যার জেরে ম্যাচ রেফারি অভিষেককে আইপিএল আচরণবিধির ২.৩ ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেছেন। অভিষেক আপত্তিকর বা অশালীন কিছুই বলেছিলেন। যা মাঠের এবং টেলিভিশন দর্শকদের কাছে শ্রুতিগোচর হয়—তা স্টাম্প মাইক্রোফোনের মাধ্যমে ধরা পড়ে থাকতে পারে কিংবা অন্য কোনও উপায়ে শোনা গিয়েছে। অভিষেক আইপিএল-এর শাস্তি মেনে নিয়েছেন। শাস্তিস্বরূপ আইপিএল কমিটি অভিষেকের ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা হিসেবে কেটে নিয়েছে এবং সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে। আইপিএলে প্রতি ম্যাচের জন্য ৭.৫ লক্ষ টাকা বেস ম্যাচ ফি উপার্জন করেন অভিষেক। যার মানে তাঁর আনুমানিক ১.৮৭৫ লক্ষ টাকা কাটা যাবে।
(Feed Source: zeenews.com)
