
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতিদিনের মত কলেজ ক্যাম্পাসে হাঁটতে বেরিয়েছিলেন। কিন্তু সেদিনই যে তাঁর শেষ পথচলা হবে তার কোনও ধারণা ছিল না। বাস্কেটবল বোর্ডের ফ্রেম ভেঙে পড়ল ২০ বছরের ইঞ্জিনিয়ার পড়ুয়ার মাথায়। রক্তে ভেসে গেল বাস্কেটবল কোর্ট। মৃত পড়ুয়ার নাম বিশাল বর্মা। তিনি পুণের ‘টোলানি মেরিটাইম ইনস্টিটিউট’-এর দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
সকালে ক্যাম্পাসে ব্যায়াম করতে বেরিয়েছিলেন বিশাল। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি বাস্কেটবল হুপে (রিং) ঝুলে ‘পুল-আপ’ করছিলেন। সেই সময় আচমকাই পুরো লোহার কাঠামোটি উপড়ে তার গায়ের ওপর পড়ে। বিশালের মাথায় গুরুতর চোট লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। সহপাঠী ও কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিশাল বর্মা উত্তরপ্রদেশের বস্তি জেলার বাসিন্দা ছিলেন। ২০২৪ সালে তিনি এই ইনস্টিটিউটে ভর্তি হন। ২০২৮ সালে তার বি.টেক কোর্স শেষ হওয়ার কথা ছিল। তার অকাল মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. সঞ্জিত কানুনগো এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে বর্ণনা করেছেন। তিনি জানান, ঠিক কী কারণে কাঠামোটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হবে। স্থানীয় পুলিস ইন্সপেক্টর সন্তোষ পাতিল জানিয়েছেন, একটি মামলা দায়ের করা হয়েছে। ফ্রেমটি কি মরচে ধরা ছিল নাকি ফিটিংসে কোনো ত্রুটি ছিল, তা তদন্ত করে দেখছে পুলিস।
ক্রীড়া পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠেছে। গত পাঁচ মাসের মধ্যে ভারতে এটি এ ধরনের তৃতীয় ঘটনা। কয়েক মাস আগে হরিয়ানার রোহতকে ১৬ বছর বয়সী এক জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড় একইভাবে প্রাণ হারান। হরিয়ানার বাহাদুরগড়েও ১৫ বছরের এক কিশোর একই রকম দুর্ঘটনায় মারা গিয়েছিল।
(Feed Source: zeenews.com)
