
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলিউড তথা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্তর ব্যক্তিগত জীবনের একটি পোস্টে তোলপাড় নেটপাড়া। গত ৫ এপ্রিল বিকেলে হাসপাতালের বেড থেকে একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী, যা দেখে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। ছবিতে দেখা যায়, অসুস্থ স্বামী দীপঙ্করের পাশে বসে আছেন অহনা। তবে ক্যাপশনে অভিনেত্রী আশ্বাস দেন যে, চরম বিপদ আপাতত কেটে গিয়েছে এবং তাঁরা বাড়ির পথে।
ঘটনার সূত্রপাত হয় একটি ফোন কল থেকে। অহনা জানান, তখন তিনি শুটিং ফ্লোরে ব্যস্ত ছিলেন। আচমকাই দীপঙ্করের ফোন পান তিনি। ফোনের ওপার থেকে দীপঙ্কর জানান, তাঁর তীব্র শ্বাসকষ্ট হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে দেরি করেননি অহনা। দ্রুত শ্বশুরমশাইকে সঙ্গে নিয়ে দীপঙ্করকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়। খবর পাওয়ামাত্রই শুটিং ছেড়ে হাসপাতালে ছুটে যান অভিনেত্রী।
চিকিৎসকরা জানান, দীপঙ্করের শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক ছিল। রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে কমে গিয়েছিল এবং রক্তচাপের দ্রুত ওঠানামা শুরু হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তড়িঘড়ি তাঁকে অন্য একটি হাসপাতালের আইসিইউ-তে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এক ভিডিও বার্তায় নিজের অভিজ্ঞতার কথা জানান দীপঙ্করও। তিনি স্বীকার করেন, পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছিল, তাতে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। তবে পরিবারের দ্রুত পদক্ষেপ এবং চিকিৎসকদের তৎপরতায় তিনি নতুন জীবন ফিরে পেয়েছেন। দীপঙ্করের কথায়, “সকলের আশীর্বাদ ও ভালোবাসাতেই আমি আজ সুস্থ হয়ে বাড়ি ফিরছি।”
অহনা তাঁর পোস্টে লিখেছেন, “চিন্তার কিছু নেই, বাড়ি ফিরছি আমরা। তবে এখনও অনেক লড়াই বাকি।” এই কঠিন সময়ে যাঁরা পাশে দাঁড়িয়েছেন, ফোন বা বার্তার মাধ্যমে খোঁজ নিয়েছেন, তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী।
উল্লেখ্য, বর্তমানে অহনা দত্ত ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এর আগে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও নিজের জায়গা করে নিয়েছেন তিনি। রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’ ছবিতে মিঠুন চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তীর মতো মহাতারকাদের সঙ্গে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। আপাতত স্বামীর সেবায় নিজেকে নিয়োজিত করেছেন তিনি, যাতে দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে দীপঙ্কর স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
(Feed Source: zeenews.com)
