WATCH Vaibhav Sooryavanshi: বুমরা রহস্য ডি-কোড করতে পারেনি ২২ গজ, সেকেন্ডে পাসওয়ার্ড হ্যাক করে তছনছ ১৫ বছরের ‘বস বেবি’র

WATCH Vaibhav Sooryavanshi: বুমরা রহস্য ডি-কোড করতে পারেনি ২২ গজ, সেকেন্ডে পাসওয়ার্ড হ্যাক করে তছনছ ১৫ বছরের ‘বস বেবি’র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) মাঠে নামলে কথা হয়, বাইশ গজে প্রচুর রেকর্ডও হয়। এসবই আজ সবার জানা। তবে যে এমনটা ঘটতে চলেছে, তার আন্দাজ সম্ভবত ক্রিকেট পণ্ডিতরাও মনে হয় করতে পারেননি। যে জসপ্রীত বুমরাকে এখনও ২২ গজ ডি-কোড করতে পারল না, সেহেন বুমবুমেরই পাসওয়ার্ড হ্যাক করে তছনছ করল ১৫ বছরের এক কিশোর।

বুমরা সিলেবাসের বাইরে বৈভব!

বুমরাকে জীবনে প্রথমবার ফেস করল বৈভব। যার ডিকশনারিতে ভয়ডর বলে কোনও শব্দ নেই। আছে ছোট্ট বুকের বিরাট পাটা আর আকাশছোঁওয়া আগুনে আত্মবিশ্বাস। বুমরা প্রথম বলটিই ছিল মিডল আর লেগ স্টাম্পের মাঝামাঝি সল্ট ডেলিভারি। লং-অনের উপর দিয়ে বৈভব উড়িয়ে দিল গ্যালারিতে। প্রথম ছয়টি যাতে কেউ ফ্লুক বলতে না পারে, তা নিশ্চিত করতে বুমরাকে ওই ওভারেরই চতুর্থ বল ডিপ স্কোয়ার লেগ দিয়ে বৈভব আবার ওড়াল সেই গ্যালারিতেই। এই কিশোর প্রতিভার তাণ্ডবের সামনে বুমরাও ফিকে হয়ে গেলেন!

বৈভব সূর্যবংশীর রেকর্ড

গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রাজস্থান রয়্যালসের ওপেনার মুম্বই ইন্ডিয়ান্সের মাথায় বজ্রপাত হয়ে পড়েছিল বৈভব। এখনও বৈভবের ঘোর কাটেনি নেটপাড়ার। বৃষ্টির কারণে ২০-র বদলে ১১ ওভারের ম্যাচে রাজস্থান টস হেরে প্রথমে ব্যাট করে। দুই ওপেনার বৈভব ও যশস্বী জয়সওয়ালদের থামানোর ওষুধ জানা ছিল না বুমরা, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, শার্দূল ঠাকুরদের। ৪.৬ ওভারে রাজস্থান ১ উইকেটে ৮০ রান তুলে ফেলেছিল। বৈভব ক্যাচ তুলে দেয় তিলক ভার্মার হাতে। ১৪ বলে ৩৯ রানের পার্টি করার মতো ইনিংস তার থামে। বৈভব বিস্ফোরণে  ছিল ৫ ছয় ও ১ চার। ২৭৮.৫৭-এর স্ট্রাইক রেটে বৈভব ব্যাট করল। তবে বৈভব শুধুই তাণ্ডব করল না।  ঈশান কিষান ও ঋষভ পন্থের নাম মুছে আইপিএল ইতিহাস লিখল ‘বস বেবি’। এই নামেই এখন তাকে ডাকে ২২ গজ। আইপিএলে ২০ বছর বয়স হওয়ার আগেই সর্বাধিক ছয় মারার রেকর্ড ছিল ঈশান-পন্থের। দুই ভারতীয় তারকাই ৩০টি করে ছয় মেরেছিলেন। সেখানে বৈভবের এখনই ছয়ের সংখ্যা ৩৫। আইপিএলে তিরিশের বেশি ছক্কা হাঁকানো প্রথম কিশোর হল বৈভব।

দুরন্ত রাজস্থান রয়্যালস

বৈভব ফিরে গেলেও যশস্বী ছিলেন ক্রিজে। তিনি ৩২ বলে ৭৭ রানে অপরাজিত ছিলেন। ১০ চার ও ৪ ছয়ে মুম্বইয়ের বোলারদের শাসন করলেন তিনি। রাজস্থান ৩ উইকেট ১৫০ রান তুলল ১১ ওভারে। জবাবে মুম্বই ৯ উইকেটে ১২৩ রান তুলতে সমর্থ হয়। রাজস্থান ২৭ রানে জেতে। রাজস্থান এই মরসুমে তিন ম্যাচ খেলে তিন ম্যাচই জিতল। ৬ পয়েন্ট নিয়ে বৈভবরা এখন ১০ দলীয় লিগ তালিকায় সবার শীর্ষে

(Feed Source: zeenews.com)